Home » অমৃতা হিসেবে দীপিকাকে ভালো মানাবে: আলিয়া

অমৃতা হিসেবে দীপিকাকে ভালো মানাবে: আলিয়া

সময় কলকাতা ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্ব নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। অনেকদিন পর বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবির শেষ অংশেই এই ছবির আগামী সিক্যুয়েলের উল্লেখ রয়েছে। এই ছবির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু দেবা’। গল্পের কেন্দ্রে থাকবে শিবার বাবা-মা দেব ও অমৃতা। পরিচালক জানিয়েছেন, ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে।

উল্লেখ্য,  হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এবার দ্বিতীয় পর্ব নিয়েও মাতামাতির শেষ নেই। কারা কারা অভিনয়ে থাকছেন এই ছবির দ্বিতীয় পর্বে তা নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট কৌতুহল রয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ঝাপসা এক ঝলক দেখা গিয়েছে অমৃতাকে। তা থেকেই অনুমান করা হচ্ছে এই ছবিতে অমৃতা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘অমৃতা হিসেবে দীপিকাকে ভালো মানাবে। ও খুবই সুন্দর। ওকে এই চরিত্রে দারুণ লাগবে।’

আলিয়ার কথায়, ‘দেব আর অমৃতা হিসেবে কাদের দেখা যাবে, তা এখনও পর্যন্ত কেউ জানে না। তবে চারদিকে নানা জল্পনা শুনে ভালো লাগছে।’ আর দেবার চরিত্রে কাকে দেখা যাবে? তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

About Post Author