Home » ‘কাছের মানুষ’ ছবিতে গান গাওয়ার পারিশ্রমিক ফেরালেন সোনু

‘কাছের মানুষ’ ছবিতে গান গাওয়ার পারিশ্রমিক ফেরালেন সোনু

সময় কলকাতা ডেস্কঃ গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ‘কাছের মানুষ’ সিনেমার ‘মুক্তি দাও’ গানটি। নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন সোনু নিগম। এবার গানটির জন্য নেওয়া পারিশ্রমিক ফিরিয়ে দিলেন সোনু নিগম। ‘যদি ভালবাসো, আমায় মুক্তি দাও..’ , এই গানটি রেকর্ড করার সময় আবেগঘন হয়ে ওঠেন সোনু। গানটি তাঁর এতই পছন্দ হয় যে তার জন্য নেওয়া পারিশ্রমিক ফিরিয়ে দেন প্রখ্যাত সংগীত শিল্পী।

এই প্রসঙ্গে সোনু জানান, ‘গানটি গেয়ে তাঁর মন ভরে গিয়েছিল। তাই চোখের কোণে জলও এসেছিল। ‘যদি ভালবাসো, আমায় মুক্তি দাও…’, লাইনটি সারা জীবন তিনি মনে রাখবেন বলেও জানান। ইতিমধ্যে গানটি যোগ্য সম্মানও পেয়েছে। মানুষ আমার গান ভালবেসেছেন এবং আমার কণ্ঠ তাঁদের মন ছুঁয়ে গিয়েছে এতেই আমি অত্যন্ত খুশি।’ জানা গিয়েছে,‘মুক্তি দাও’ গানটির ইউটিউবে এখনও পর্যন্ত ১৪ লক্ষেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে। দর্শকদের মনে এই গান যে ব্যাপক সাড়া ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘কাছের মানুষ’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। পথিকৃত বসুর পরিচালনায় নতুন এই ছবিতে জুটি বেঁধেছেন দুই তারকা। একেবারেই অন্য স্বাদের গল্প বলতে চলেছেন পথিকৃত। যেখানে পদে পদে উঠে এসেছে জীবন ও মৃত্যুর টানাপোড়েনের গল্প। এর আগে ছবির ট্রেলার দেখে বোঝাই গিয়েছিল যে এই ছবিতে প্রসেনজিৎ জীবন বিমা বিক্রি করেন। আর অন্যদিকে মায়ের কারণে প্রচুর টাকা প্রয়োজন দেবের। দেবকে সেই জীবন বিমা বিক্রি করতে চান প্রসেনজিৎ। শেষমেশ কী ঘটবে? তা জানতে হলে অবশ্য আপনাকে অপেক্ষা করতে হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দেব প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে রয়েছেন ইশা সাহা।
২০২১ সালে ‘কাছের মানুষ’-সিনেমার কথা ঘোষণা করা হয়েছিল। দেব জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলেই ২০২২-এর পুজোর সময় মুক্তি পাবে সিনেমাটি। সেই কথাই রাখলেন দেব। ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ছবির শুটিং। সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক আসতে চলেছে ঠিক তেমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা। এর আগে দেব ও প্রসেনজিৎ, দুজনেই সোশ্যাল মিডিয়ায় ‘কাছের মানুষ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছিলেন। সেখানেই জানিয়েছেন ছবিটির মুক্তির দিন। ছবিটিতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যায় লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।

About Post Author