Home » ‘ব্রহ্মাস্ত্র’-এর সংলাপ নিয়ে সরব পরিচালক

‘ব্রহ্মাস্ত্র’-এর সংলাপ নিয়ে সরব পরিচালক

সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ৩৬৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবুও ব্রহ্মাস্ত্র ঘিরে ট্রোল শুরু হয়েছে নেটমাধ্যমে। শিবা, শিবা, শিবা! ‘ব্রহ্মাস্ত্র’-এ ঈশার মুখে শুধু শোনা গিয়েছে একই নাম। আলিয়ার একই রকম ঘ্যানঘ্যানে সংলাপ নিয়ে নেটমাধ্যমে চলছে জোর চর্চা। ছবির বিষয়বস্তুর সঙ্গে তার সংলাপ একেবারেই বেমানান, এমনটাই শোনা যাচ্ছে সমালোচকদের মুখে। এবার ‘ব্রহ্মাস্ত্র’- এর সংলাপ নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

অয়ন বলেন, ‘আমি যখন কারও সঙ্গে কথা বলি, তখন বারবার সেই ব্যক্তির নাম করি। এটা আমার অভ্যাস। সেটা চিত্রনাট্য এবং ছবিতেও থেকে গিয়েছে।’

‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্ব নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। অনেকদিন পর বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবির শেষ অংশে এই ছবির আগামী সিক্যুয়েলের উল্লেখ রয়েছে। এই ছবির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু দেবা’। গল্পের কেন্দ্রে থাকবে শিবার বাবা-মা দেব ও অমৃতা। পরিচালক জানিয়েছেন, ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে।

উল্লেখ্য,  হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। এবার দ্বিতীয় পর্ব নিয়েও মাতামাতির শেষ নেই। কারা কারা অভিনয়ে থাকছেন এই ছবির দ্বিতীয় পর্বে তা নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট কৌতুহল রয়েছে। তবে দ্বিতীয় পর্বের সংলাপ নিয়ে বেশ সচেতন পরিচালক।

About Post Author