সময় কলকাতা ডেস্কঃ বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আবহমান এই ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম কার্নিভাল। আর সে কারণেই এবারের কার্নিভাল নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। দু বছর অতিমারির রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনস্রোত। সেই কারণে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও বেশি। শনিবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে শুরু হবে এই কার্নিভাল। প্রায় ১০০ টি পুজো অংশ নিচ্ছে এই কার্নিভালে। যা প্রায় চার ঘণ্টা চলতে পারে বলে মত প্রশাসনিক আধিকারিকদের।
গোটা এলাকায় কার্নিভালকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেড রোড সহ গোটা ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনের দায়িত্ব সামলাবেন একজন ডিসি পদমর্যাদার অফিসার। মূল মঞ্চ ও সংলগ্ন এলাকার দায়িত্বে থাকবেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার ও ডিসি সাইবার প্রবীন প্রকাশ। ওয়াচ টাওয়ার থাকছে ৪টি। থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র এবং ৫ টি কুইক রেসপন্স টিম। রেড রোড সহ গোটা ধর্মতলা চত্বরের ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন অ্যাডিশনাল সিপি-১ হরিকিশোর কুসুমাকর। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবেন আরও একজন অ্যাডিশনাল সিপি। শনিবার দুপুর ১২টার মধ্যে এই ফোর্স মোতায়েন করা হবে বলে খবর।

সেরার সেরা, সেরা ভাবনা, সেরা পরিবেশ বান্ধব, ও বিশেষ পুরস্কার মিলিয়ে মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলো তিনটে করে ট্যাবলো নিয়ে যেতে পারবে এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। পুজো কমিটিগুলো রেড রোডে এন্ট্রি করা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১২টার মধ্যে। এই অনুষ্ঠান দেখার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করেছে রাজ্যের পর্যটন দফতর। অনুষ্ঠান মঞ্চে থাকার কথা রয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন