Home » প্রয়াত নেতাজি, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

প্রয়াত নেতাজি, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

সময় কলকাতা ডেস্ক:ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার সকাল ৮.৩০ নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম সিং যাদব। ২২শে সেপ্টেম্বর শ্বাসকষ্ট এবং একাধিক শারীরিক রোগ নিয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং। রবিবার তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়। চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না মুলায়ম সিং যাদব। অবশেষে সোমবার সকালেই সমস্ত লড়াইয়ের অবসান হল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

২২শে নভেম্বর ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেছিলেন মুলায়ম সিং যাদব। চার ভাই ও এক বোনের মধ্যে মুলায়ম সিং যাদব রাজনীতিতে এসেছিলেন। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক হিসেবেই শেষ জীবন পর্যন্ত রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিলেন তিনি। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে পর পর তিনবার মেয়াদ সম্পূর্ণ করেছেন। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। উত্তরপ্রদেশের ময়নপুরী লোকসভা কেন্দ্র থেকেই বারবার তিনি জিতে এসেছেন। তার আগে অবশ্য আজমগড় এবং সম্বল নির্বাচনী এলাকা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের রাজনীতিতে তিনি নেতাজী হিসেবে পরিচিত ছিলেন। তার প্রথম পক্ষের স্ত্রী মালতী দেবী। তাদেরই সন্তান অখিলেশ সিং যাদব। ২০০৩ সালে মালতি দেবীর প্রয়াণ হয় যদিও তার আগেই সাধনা গুপ্তর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন মুলেম সিং যাদব। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে সাধনা গুপ্তকে স্ত্রীর মর্যাদা দিতে হয় মুলায়াম সিংকে। দ্বিতীয়পক্ষেও তার একটি সন্তান রয়েছে প্রতীক সিং যাদব। আগ্রার বি আর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ছিলেন মুলায়ম সিং যাদব।

মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের একাধিক রাজনীতিবিদ। তাঁর প্রয়াণে এক কথায় বলা যেতে পারে একটা যুগের অবসান হলো।

About Post Author