Home » ওষুধ কোম্পানি বন্ধের নির্দেশ হরিয়ানা সরকারের

ওষুধ কোম্পানি বন্ধের নির্দেশ হরিয়ানা সরকারের

সময় কলকাতা ডেস্কঃ গাম্বিয়ায় ভারতীয় কফ সিরাপ খেয়ে ৬৬ জন শিশু মৃত্যুর ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগের তীর ভারতীয় ওষুধ তৈরির সংস্থার দিকে। বুধবার হরিয়ানা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ওষুধ তৈরি করতে পারবে না ওই কোম্পানি। সেই সঙ্গে মেডেন ফার্মাসিউটিক্যাল নামে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে শোকজ নোটিস পাঠিয়েছে হরিয়ানা সরকার। ওষুধ বানানোর ক্ষেত্রে মোট ১২ রকমের ভুল পাওয়া গিয়েছে বলে খবর। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানান, ‘মেডেন ফার্মাসিউটিক্যালের ওষুধের স্যাম্পেল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তারপরেই ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে ওই ওষুধ সংস্থা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। এর ফলে সব মিলিয়ে মোট ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোম্পানির বিরুদ্ধে সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কফ সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যুর কোলে ঢোলে পড়ে কচি প্রাণগুলি।

About Post Author