Home » এখনই বিদেশ যেতে পারবে না মেনকা

এখনই বিদেশ যেতে পারবে না মেনকা

সময় কলকাতা ডেস্কঃ থমকেই রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ব্যাংকক যাওয়া। বৃহস্পতিবার মেনকা গম্ভীরের দায়ের করা মামলায় অবকাশকালীন বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোনও নির্দেশ দেননি। মামলাটিকে তিনি পাঠিয়ে দিয়েছেন রেগুলার বেঞ্চে। স্বাভাবিকভাবেই, উৎসবের ছুটির শেষে হাইকোর্ট খুললে তখন এই মামলার শুনানি হবে। তারপরেই ঠিক হবে মেনকা গম্ভীর ব্যাংকক যেতে পারবেন কিনা। বেশ কিছুদিন আগে বিমানবন্দরে মেনকাকে আটকে দিয়েছিল ইডি। তারপরেই মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে, ব্যাংকক যাওয়ার জন্য হাইকোর্টে মামলা দায়ের করে মেনকা।

উল্লেখ্য, বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। মায়ের অসুস্থতার কারণেই ব্যাংকক যেতে চান মেনকা। কলকাতা হাইকোর্ট মেনকা গম্ভীরের এই আবেদন মঞ্জুরও করেছে। যদিও আদালতে দায়ের করা এই মামলা নিয়ে ইতিমধ্যেই তীব্র আপত্তি জানিয়েছেন ইডি আধিকারিকরা। গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকানো হয় বলেই অভিযোগ। তাঁকে আড়াই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রেখে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে ফেরানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। এই ঘটনায় হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে ছিল অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। সেই কারণেই অভিষেকপত্নী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরেকে একাধিকবার তলব করা হয়েছিল। এর আগেও নোটিসে রাত ১২.৩০ ইডি দপ্তরে মেনকা গম্ভীরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তিনিও মাঝরাতেই গিয়েছিলেন হাজিরা দিতে। কিন্তু গিয়ে দেখেন ইডি অফিসে তালা ঝুলছে। পরে ইডি জানায় নোটিসে পিএম লিখতে গিয়ে ভুল করে এএম লেখা হয়েছিল। পরে নিজেদের ভুল স্বীকার করে ফের তাঁকে দুপুরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর হাইকোর্টে ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। সেই মামলা এখনও বিচারাধীন।

About Post Author