Home » বৈঠক স্থগিত, ৫ নভেম্বর রাজ্যে আসছেন না অমিত শাহ

বৈঠক স্থগিত, ৫ নভেম্বর রাজ্যে আসছেন না অমিত শাহ

সময় কলকাতা ডেস্কঃ ৫ নভেম্বর রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপাতত আগামী শনিবার নবান্নের বৈঠক স্থগিত রাখার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্র মারফত জানা গিয়েছে, ৫ নভেম্বর কলকাতায় নবান্ন সভাঘরে ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠক হওয়ার কথা ছিল। ইস্টার্ন জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও উপস্থিত থাকার কথা ছিল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে।  বিশেষ কারণে আপতত ওই বৈঠক স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের খবর। ওই বৈঠক পরে কবে হবে সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি দিল্লি।

৫ নভেম্বরের ওই বৈঠকে পূর্ব ভারতের চার রাজ্যের মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। তালিকায় বাংলা ছাড়াও এই পরিষদে রয়েছে ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ড। একুশের ভোটের পর একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম শাহের সঙ্গে বৈঠক ছিল। তবে আপাতত ওই বৈঠক স্থগিত থাকছে বলে খবর।

মূলত পূর্ব ভারতের এই পাঁচ রাজ্যের নিরাপত্তা, আন্তঃরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রীর। তবে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন বৈঠক করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, এর আগেও নবান্নের সভাঘরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে হাইপ্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একাধিক অভিযোগও জানাতে পারে রাজ্য সরকার। রাজনৈতিক প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু আপাতত তা হচ্ছে না।

 

About Post Author