সময় কলকাতা ডেস্ক: মাত্র কয়েক দিন হল টুইটারর মালিকানা পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক । মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই সংস্থার একাধিক উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করেছেন তিনি। চাকরি যায় টুইটারের সিইও, ভারতীয় পরাগ আগরওয়ালেরও। সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেড সেগালকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে। যদিও সিইও পরাগ আগরওয়ালকে ছাঁটাই করার জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে মাস্ককে।

এবার জানা যাচ্ছে, শুক্রবার থেকে ব্যাপক হারে কর্মীদের ছাঁটাই করতে শুরু করবেন মাস্ক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে টুইটার।
শুক্রবার সকাল থেকে বহু জায়গায় মাইক্রোব্লগিং সাইটের পরিষেবাও ব্যাহত। মাস্ক সমস্ত কর্মীকেই ই-মেল করে জানিয়েছেন, শুক্রবার থেকেই কর্মী ছাঁটাই শুরু হবে। টুইটারকে সঠিক পথে নিয়ে যেতে বিশ্বব্যাপী সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে হবে, দাবি মাস্কের। এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে মাস্ক। নোটিস না দিয়ে কর্মী ছাঁটাই করায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে এই সংস্থার বিরুদ্ধে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান ইলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। ইলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির