Home » বাড়ছে আতঙ্ক! ফের ডেঙ্গিতে মৃত্যু 

বাড়ছে আতঙ্ক! ফের ডেঙ্গিতে মৃত্যু 

সময় কলকাতা ডেস্ক: উত্তরপাড়ায় আবার ডেঙ্গিতে মৃত্যু। এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ওই এলাকায় চার জনের মৃত্যু হয়েছিল। এবার মৃত্যু হল এক প্রৌঢ়ের। উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের (৫৩) জ্বর আসায় স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। জ্বর না কমায় গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে ৭ তারিখে কলকাতার সিএমআরআই তে নিয়ে যাওয়া হয়।আইসিইউ থেকে ভেন্টিলেশানে চলে যান প্রৌঢ়। বুধবার সন্ধায় মৃত্যু হয় তার।

প্রসঙ্গত, রাজ্যের যে সমস্ত জায়গায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে কলকাতা এবং বিধাননগর অন্যতম। সম্প্রতি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসক, মুখ্যত স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপারদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধের পাশাপাশি, আরও বেশি করে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় কেন ডেঙ্গি বাড়ছে? সেবিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে উদ্বেগজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে বলেই জানান মুখ্যসচিব। ডেঙ্গি প্রতিরোধে সাফাই অভিযান কতটা হচ্ছে? ঠিকমতো মানুষের কাছে প্রচার করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডস্তরে মাইক্রো প্ল্যান করার নির্দেশও দেন তিনি। এমনকী আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষার উপরেও।

 

 

About Post Author