Home » ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের 

ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের 

সময় কলকাতা ডেস্কঃ ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের। সূত্রের খবর,দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অভিনেত্রীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়েছে। বৃহস্পতিবারই দিল্লির পাটিয়ালা আদালতে জামিনের আবেদনের শুনানিতে সশরীরে হাজির হয়েছিলেন জ্যাকলিন। সেখানে সরাসরি তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। তদন্তকারীদের আইনজীবী জানান, ‘টাকার অভাব নেই জ্যাকলিনের। সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। যদিও পাল্টা তদন্তকারীদের কাছে আদালত জানতে চায়, এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না কেন? ’ এই মর্মে জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের বিরোধিতা করে শুক্রবার আদালতে ইডি জানায়, জ্যাকলিন তদন্তে একেবারেই সহযোগিতা করেননি। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। জামিন পেলে পালিয়ে যেতে পারেন সে।

প্রসঙ্গত, গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ই শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগেও আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

কিছুদিন আগেই আর্থিক তছরূপ মামলায় জামিন পেয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জ্যাকলিনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। সূত্রের খবর, সেসময় সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে উকিলের ছদ্মবেশে এজলাসে ঢুকে অন্তর্বতী জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী।

About Post Author