সময় কলকাতা ডেস্কঃ দেশের জন্য কেন্দ্রের পাশে থাকারই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রকে সবরকম সহযোগিতা করবেন। ২০২৩ সালে ভারতে বসবে জি-২০ সম্মেলনের আসর। সে বিষয়েই সোমবার দিল্লিতে বৈঠক ছিল বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে মিনিট পাঁচেকের বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘দেশের জন্য সমস্তরকমভাবে কেন্দ্রকে সাহায্য করব। এটা কোনও দলীয় কর্মসূচি নয়, এটা দেশের ব্যাপার।’রাজনৈতিক মহলের মতে, রাজধানীতে দেশের স্বার্থরক্ষায় কেন্দ্র-রাজ্য সহযোগিতার এক বেনজির চিত্র ফুটে উঠল।

সোমবার ৪ দিনের দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পা রেখেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দেন তিনি। যদিও জি ২০ বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী ও অন্য কোনও নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় কিনা তার উপরে নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে, মঙ্গলবার সকালে রাজস্থানের আজমের শরীফ ও পুষ্করের ব্রহ্মা মন্দির সফরে যাবেন তিনি। এদিনই আবার তিনি দিল্লি সফরে ফিরে আসবেন বলেই সূত্রের খবর।
বাংলার মুখ্যমন্ত্রীর রাজস্থান সফরকে ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করছে অশোক গেললট সরকার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন ৫ আধিকারিক। বুধবার দিল্লিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল কী হবে?এদিনের বৈঠকে তা ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বিষয়ে দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। প্রথম ধাপে দেশের সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মুখ্যমন্ত্রীর।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর