Home » ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার 

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার 

সময় কলকাতা ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল এক বৃদ্ধার। তাঁর নাম মঞ্জুরিকা রায় (৮০)। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। তথ্য বলছে, কলকাতা পুরসভা এলাকায় মোট ২৩ জনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রের দাবি, রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে।

রাজ্যে উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে এবার ডেঙ্গি মোকাবিলায় বিশেষ নির্দেশিকা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই ফাঁকা জমি ও দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা বাড়িগুলিতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে বেডের সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। অন্যদিকে ফের একবার স্বাস্থ্য ভবনের কর্তারা ড্রোন উড়িয়ে খালগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কথাও মনে করিয়ে দিয়েছেন। সূত্রের খবর,কলকাতায় এখনও পর্যন্ত বন্ধ অবস্থায় থাকা ১৭০টি বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে তালা ভেঙে ঢুকে পুরকর্মীরা সাফাই করেছেন।

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,‘তালাবন্ধ হয়ে পড়ে থাকা বাড়িগুলিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর কথা বলা হয়েছে। একটি বাড়ির জন্য আশপাশের অন্যান্য বাড়ির মানুষকে বিপদে ফেলা যায় না। এ বিষয়ে অবশ্যই প্রত্যেককে সতর্ক হতে হবে।’

About Post Author