সময় কলকাতা ডেস্ক: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। কিন্তু সেই মামলার নিষ্পত্তি হল না শনিবারও। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি। এই মামলার ফের শুনানি রয়েছে সোমবার।
অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি