Home » ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার! বড় ঘোষণা রাজস্থানে

৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার! বড় ঘোষণা রাজস্থানে

সময় কলকাতা ডেস্কঃ  রাজস্থানে রান্নার গ্যাসে প্রতিমাসে সিলিন্ডার পিছু ৫০০ টাকা করে ভরতুকি দেবে কংগ্রেস শাসিত রাজ্য সরকার। সোমবার বিকেলে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধি। নতুন বছরের ১ এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে। তবে সকলে ৫০০ টাকায় রান্নার গ্যাস পাবে না। দারিদ্র্য সীমার নিচে থাকা যারা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পান, একমাত্র তাঁরাই কম দামে সিলিন্ডার পাবেন।

এদিন বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে রাজস্থানের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী বছরের এপ্রিল থেকেই ৫০০ টাকায় সিলিন্ডার পাবেন গরিব পরিবারগুলি। যাঁরা উজ্জ্বলা যোজনায় নাম লিখিয়েছেন, এমন গরিবদের বছরে ১২টি করে সিলিন্ডার ৫০০ টাকায় দেব আমরা।”

উল্লেখ্য, সোমবার রাজস্থানে ভারত জোড়ো যাত্রার শেষ দিন ছিল। রাহুলের ভারত জোড়ো যাত্রার অন্যতম ইস্যু সাধারণ মানুষের জীবন-জীবিকার লড়াই। রাজস্থানের কংগ্রেস সরকার এদিন রান্নার গ্যাসে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের বছরে ছ’হাজার টাকা করে সাহায্য করার ঘোষণায় খুশি মানুষ। আগামী বছর নভেম্বরে রাজস্থানে বিধানসভা ভোট। ফলে গেহলটের ঘোষণায় ভোটের অঙ্ক রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর গদি নিয়ে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের চ্যালেঞ্জ মোকাবিলাও গেহলটের এদিনের ঘোষণার পিছনে কাজ করেছে, মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author