Home » বইমেলা নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল

বইমেলা নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল

সময় কলকাতা ডেস্কঃ কুড়ি বছর পর জলপাইগুড়ি জেলার বইমেলা অনুষ্ঠিত হবে ধূপগুড়িতে। মেলার উদ্বোধনের আগেই মেলা আয়োজন নিয়ে শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।সেই সঙ্গে নিমন্ত্রণ নিয়ে রাজনীতির অভিযোগেও বিদ্ধ মেলা কমিটি।

২২ শে ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বই মেলা অনুষ্ঠিত হবে ধূপগুড়িতে। মেলা সুষ্ঠভাবে আয়োজন করতে প্রশাসনের তরফে একটি কমিটি গড়া হয়।সেই কমিটিতে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের পাশাপাশি রয়েছেন শাসকদলের কর্তারাও।অভিযোগ মেলা আয়োজক কমিটিকে অন্ধকারের রেখে মেলার যাবতীয় সিদ্ধান্ত একা একাই নিচ্ছেন মেলা কমিটির অন্যতম সদস্য রাজেশ কুমার সিং।তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলে মেলার ঠিক আগেই তিন সদস্য মেলা কমিটি থেকে পদত্যাগ করার পত্র পৌঁছে দেন ধূপগুড়ি পুর প্রশাসক মণ্ডলীর প্রধান ভারতী বর্মণের কাছে। তাঁদের অভিযোগ সরাসরি পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রাজেশ কুমার সিং এর বিরুদ্ধে। আর পদত্যাগ পত্র পাঠিয়েই ক্ষান্ত নন বিদ্রোহীরা। সামাজিক মাধ্যমে নাম না করে সরকারি আক্রমণ শাণিয়েছেন তাঁরা।

পদত্যাগ পত্র ও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন রাজেশ কুমার সিং। শুধুমাত্র বইমেলা কমিটির সদস্যদের পদত্যাগ দিয়েই বিতর্ক শেষ হচ্ছে না ধূপগুড়ির জেলা বইমেলার । এই মেলার আয়োজন নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল সামাজিক মাধ্যম থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের অভিযোগ, “জনতার ভোটে নির্বাচিত হয়েও তাঁর বিধানসভা এলাকার বইমেলাতে তিনিই নিমন্ত্রিত নন। এমনই অগণতান্ত্রিক ভাবে চলছে প্রশাসন।”

About Post Author