সময় কলকাতা ডেস্কঃআরও প্রসারিত হচ্ছে মেট্রো রেল শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ জোকা-তারাতলা মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই মেট্রো চালু হওয়ায় অবশেষে বেহালাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। জানা গিয়েছে,আগামী ২ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হবে জোকা-তারাতলা মেট্রোর। তবে, সোম থেকে শুক্রবার পর্যন্ত জোকা-তারাতলা মেট্রো চলবে। আপাতত শনি এবং রবিবার জোকা-তারাতলা লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। জোকা থেকে মেট্রো পাওয়া যাবে – সকাল ১০টা, বেলা ১১ টায়, দুপুর ১২ টায়, দুপুর ৩টেয়, বিকেল ৪টেয় এবং বিকেল ৫টায়। এদিকে, তারাতলা থেকে মেট্রো পাওয়া যাবে – সকাল সাড়ে ১০টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর সাড়ে ১২টায়, দুপুর সাড়ে ৩টেয়, বিকেল সাড়ে ৪টেয় এবং বিকেল সাড়ে ৫টায়।
সূত্রের খবর, আপ-ডাউন মিলিয়ে একটি মেট্রোই যাতায়াত করবে। অর্থাৎ, যেটি আপ লাইনে যাবে, সেটিই ডাউনে ফিরে আসবে এবং তারপর আবার আপ লাইনে যাবে। এই মুহূর্তে দিনে ১২ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে ছয়টি যাবে আপ লাইনে এবং ছয়টি যাবে ডাউন লাইনে। প্রতি এক ঘণ্টা অন্তর অন্তর এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এই রুটের সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা আর সর্বোচ্চ ভাড়া থাকছে ২০ টাকা। সূত্রের খবর, সিগন্যালিং ব্যবস্থা চালু না হওয়ায় এই রুটে বর্তমানে অল্প সংখ্যক মেট্রো চলবে। এই রুটে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা-এই ছ’টি স্টেশন রয়েছে। অন্যদিকে,এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। অন্যদিকে,জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু হলে ডায়মন্ড হারবার রোডের উপর অনেকটাই যান চলাচলের চাপ কমবে। বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। চলতি বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্রও।

প্রসঙ্গত, পুজোর আগেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট সাড়ে ৬ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছিল। তারপর থেকেই সেফটি কমিশনারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এই রুট। কলকাতা মেট্রোর লাইন-থ্রি বা জোকা-ধর্মতলা রুটের ১৪ কিলোমিটারের মধ্যে সাড়ে ছ’ কিলোমিটারের রুট ফেজ-ওয়ানে এই ভাবেই পরিষেবা চালু করার পরিকল্পনা ছিল প্রকল্প নির্মাণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন