Home » ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টির অভিযোগ

ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টির অভিযোগ

সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ মালদহের পর এবার নিউ জলপাইগুড়ি। ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টির অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল।

এর আগে সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে যাত্রী ভর্তি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বন্দে ভারতের জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চির ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বন্ধে ভারত ট্রেনের যাত্রীরা।

উল্লেখ্য,গত শুক্রবার সাড়ে ১১টা নাগাদ ভার্চুয়ালি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী। এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের রেল মানচিত্রে একটি বড় মাইলফলক স্থাপিত হল। কারণ, এর আগে সারা দেশে মোট ৬টি বন্দে ভারত চালু হলেও কলকাতা তথা পূর্ব ভারতের জন্য এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এদিনের অনুষ্ঠানে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ স্থাপন করা হয়েছিল হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্লাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে ছ’টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।

About Post Author