Home » মালদায় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য

মালদায় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য

সময় কলকাতা ডেস্ক,৭ জানুয়ারিঃ

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তারই মধ্যে প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে রমরমিয়ে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। সরকারি নিয়ম না মেনেই চাষের জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার ফলে কৃষিকাজের ক্ষতি হওয়ার আশঙ্কা চাষীদের। এই ভাবে মাটি কাটা চলতে থাকলে এক সময় চাষের জমি শেষ হয়ে যাবে। তখন মানুষ খাবে কী? এমনটাই প্রশ্ন চাষীদের। মাটি থেকে ইট তৈরি হয়ে নদীপথে পাচার হয়ে যাচ্ছে বিহারে। যা বিক্রি হচ্ছে চড়াদামে। কিছুদিন আগেই বিহারে মাটি পাচারের অভিযোগ উঠেছিল। আর এবার পাচার হয়ে যাচ্ছে ইট। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন?। একদিকে তৃণমূল নেতারা বলছে অবৈধ ভাবে মাটি কাটা যাবে না। অন্যদিকে তাদের মদতেই চলছে মাটি কাটার কাজ। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত ভালুকা বাজার ঢালাই মোড়ের পাশে কয়েকদিন ধরেই দেদারে চলছে মাটি কাটার কাজ। ৩ ফিটের জায়গায় ৮- ৯ ফিট করে মাটি কাটা হচ্ছে। আর তারই পাশে হচ্ছে ভুট্টা চাষ। এই ভাবে অবাধে মাটি কাটা হলে কৃষি কাজের ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা চাষীদের। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কি ভাবে প্রকাশ্য দিবালোকে মাটি কাটা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সূত্রের খবর,অবৈধভাবে মাটি কেটে সেই মাটি চলে যাচ্ছে ইটভাটা গুলোতে। সেই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। যে ইট গোবরা ঘাট দিয়ে নদী পথে ট্রলির পড় ট্রলি চলে যাচ্ছে বিহারে। বিক্রি হচ্ছে চড়াদামে। এই ভাবেই মাটি মাফিয়া এবং ইটভাটার মালিকরা মুনাফার লোভে নিজেদের স্বার্থসিদ্ধি করছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে এর আগেও সরব হয়েছিলেন খোদ শাসকদলের বিধায়ক এবং রাজ্যের সেচ প্রতিমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করতে। বিডিও, ভূমি সংস্কারক আধিকারিক এবং আইসিকে নিয়ে গঠন হয়েছিল কমিটি। তারপরেও কি ভাবে মাটি কাটা চলছে? প্রশ্ন বিরোধীদের। তৃণমূল নেতাদের মদত ছাড়া এই কাজ হতে পারে না এমনটাই দাবি করছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সাফাই তৃণমূলের।

এ প্রসঙ্গে উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, ‘যেখানে প্রশাসনিক ভাবে কমিটি গঠন হলো মাটি কাটা রুখতে। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সরব হলেন। তারপরেও আবার কি ভাবে মাটি কাটার কাজ শুরু হল। তৃণমূলের মদত ছাড়া এটা কোনভাবেই সম্ভব না।’ অন্যদিকে এ বিধয়ে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী বৈধ ভাবে মাটি কাটতে হবে। কেউ জোর করে কারো জমি থেকে মাটি কাটতে পারবে না। যদি অবৈধ ভাবে কিছু হয় সে ক্ষেত্রে অবশ্যই প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত, শুধু হরিশ্চন্দ্রপুর এলাকাই নয়, সমগ্র মালদা জেলা জুড়ে অবৈধ ভাবে মাটি কাটা নিয়ে সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। এর আগেও মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি সরব হয়েছিলেন জমি মাফিয়াদের বিরুদ্ধে। সেইসময় করা বার্তা দিয়েছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও। প্রশাসনিক ভাবেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ফের অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ প্রকাশ্যে আসলো। এহেন পরিস্থিতিতে প্রশাসন কি ব্যবস্থা নেয় , সেই দিকেই তাকিয়ে সকলে।।

About Post Author