Home » বরাদ্দ ব্যয়ে ব্যর্থতার দায় কার?

বরাদ্দ ব্যয়ে ব্যর্থতার দায় কার?

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: বিগত কয়েক মাস ধরে ১০০ দিনের কাজ থেকে শুরু করে পানীয় জল সরবরাহ মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। যা নিয়ে এই মুহূর্তে তৃণমূল-বিজেপি তরজা চরমে উঠেছে।কিন্তু কেন্দ্রীয় প্রকল্প মুখ থুবড়ে পড়ার পেছনে কি শুধুই রাজনৈতিক অভিসন্ধি? নাকি প্রশাসনিক স্তরেও রয়েছে গাফিলতি! বুধবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে প্রতিটি জেলা শাসকের কাছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ অর্থ খরচ করা যাচ্ছে না কেন তা জানতে চাওয়া হয়।

সেই বৈঠক থেকে উঠে আসা তথ্য বলছে, গ্রামের পঞ্চদশ অর্থ কমিশনের চলতি আর্থিক বছরে বরাদ্দের ৫০. ৪৬ শতাংশ অর্থ এখনও খরচ করতে পারেনি জেলাগুলি। যা টাকার অঙ্কে ২৪৪৬ কোটি ৪৬ লক্ষ টাকা। এর মধ্যে টায়েড ফান্ডেই পড়ে রয়েছে ১৫২৭ কোটি টাকা। এই টাকায় পানীয় জল ও শৌচালয় তৈরিতে খরচ করার কথা ছিল। এছাড়াও অন্যান্য উন্নয়ন মূলক খাতে আনটায়েড তহবিলে খরচ না হয়ে পড়ে রয়েছে ৯১৯ কোটি ২৬ লক্ষ টাকা। সম্প্রতি পঞ্চদ্বশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির ১৬৫২ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। বরাদ্দর ৫০ শতাংশের কম টাকা খরচ হয়েছে ৭৬ টি পঞ্চায়েত সমিতি এলাকায়। ৫২৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও একই ঘটনা। গ্রামীণ পানীয় জল প্রকল্পে পঞ্চায়েত ভিত্তিক অনুমোদন নিয়েও জেলাগুলি ১০৭৮ কোটি ১৩ লক্ষ টাকা খরচ করতে পারেনি। স্যানিটেশনের ক্ষেত্রেও জেলাগুলিতে পরে রয়েছে ৫৬৭ কোটি ৩৫ লক্ষ টাকা। দেখা গিয়েছে,পাঁচ জেলা বরাদ্দ অর্থের ৫০ শতাংশের কম খরচ করেছে। এই জেলাগুলি হল মুর্শিদাবাদ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম বর্ধমান এবং নদীয়া। এবার পঞ্চদশ অর্থ কমিশনের টাকা যাতে জেলাগুলি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দ্রুত খরচ করতে পারে সেজন্য পঞ্চায়েত দপ্তর উদ্যোগী হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কমিশনের প্রথম কিস্তির টাকার একটা বড় অংশ এখনও খরচ হয়নি। দ্বিতীয় কিস্তির টাকা আসতে চলেছে।

রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন জেলাশাসকদের চিঠি দিয়ে আগেই জানিয়ে দিয়েছে, এই টাকা যাতে পাওয়া মাত্রই খরচ করা হয়। ১৪ জানুয়ারির মধ্যে টেন্ডার ডাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ শেষ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেওয়া যায়। আর্থিক সঙ্কটের মধ্যেই গ্রামীণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ ২ হাজার ৬৪৮ কোটি টাকা খরচ না করে জেলাগুলিতে পড়ে রয়েছে। যা চিন্তা বাড়িয়েছে নবান্নের।

About Post Author