Home » এবার কি ত্রিপুরায় প্রচারে তৃণমূল সুপ্রিমো

এবার কি ত্রিপুরায় প্রচারে তৃণমূল সুপ্রিমো

সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভায় উপনির্বাচন। মেঘালয়ের পাশাপাশি এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে ফের ত্রিপুরায় প্রচারে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও দলীয় সূত্রে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। সূত্রের খবর,আগরতলা রবীন্দ্রভবনের সামনে একটি জনসভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো । এরপরেই রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনের শেষ মুহূর্তে রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন তিনি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটি জোর কদমে ভোটের প্রস্তুতি চালাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানান,‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা প্রকাশ্যেই হবে। আলাদাভাবে সংবাদমাধ্যমের মুখোমুখিও হবেন তৃণমূল নেত্রী। এরপরেই আগরতলা রবীন্দ্রভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাঁদের যাবতীয় নির্দেশিকা দেওয়া হবে।’

ইতিমধ্যেই ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট। এদিকে, মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। আর এই তিন রাজ্যেরই ফলাফল ঘোষণা আগামী ২ মার্চ। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে,আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দেওয়া হবে। ত্রিপুরায় মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। অন্যদিকে,মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হবে। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, মেঘালয়ে মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ২ ফেব্রুয়ারি এবং নাগাল্যান্ডের মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরাতেও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয়ের পর ত্রিপুরার সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

About Post Author