সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বিরোধী শিবিরে ফের বড়সড় ভাঙন। বিধায়ক এবং ব্লক সভাপতির উপস্থিতিতে কংগ্রেস, সিপিআইএম ছেড়ে প্রায় ৩০০ কর্মী যোগ দিলেন শাসক দলে। যদিও চাঁচল বিধানসভার বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এই যোগদান। আর বিধায়কের এহেন মন্তব্যকে কেন্দ্র করেই তুঙ্গে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সরগরম এলাকার রাজনীতি।

মালদা জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডারকিনারা এলাকায় কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে প্রায় মহিলা পুরুষ উভয় প্রায় ৩০০ জন কর্মী যোগ দেয় তৃণমূলে। চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ ও চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাফসার আলীর হাত ধরেই হয় এই যোগদান।

এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল সভাপতি আফসার আলী, ব্লক সহ-সভাপতি অমিতেশ পান্ডে, মহিলা সভানেত্রী শ্রাবণী চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। চাঁচলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দাবি করেন, এই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য না থাকায় তেমন কোনও উন্নয়ন হয়নি। মানুষ সেটা বুঝতে পেরেছে। উন্নয়নের জন্য তাই তারা তৃণমূলে যোগ দিল। একইসঙ্গে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতাদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে তিনি বলেন,‘যারা তৃণমূল ছেড়েছেন তারা বুঝতে পেরেছিলেন তৃণমূলে থেকে চুরি করা যাবেনা। তাই কংগ্রেসে যোগদান করেছেন।’

যদিও বিধায়কের এহেন মন্তব্যের বিরোধিতা করে পাল্টা বিধায়ককে জোচ্চোর বলে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সমর্থকেরা। চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান বলেন,যারা যোগদান করেছেন তারা কংগ্রেসের কেউ নয়। যেহেতু তৃণমূলের ব্লক কমিটিতে ভাঙন ধরিয়েছে কংগ্রেস তাই এই সব মিথ্যে যোগদানের নাটক করছে। যদিও এ প্রসঙ্গে বিজেপির মালদা জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমিত সরকার বলেন,কংগ্রেসের গর্ভ থেকেই তো তৃণমূলের জন্ম। তাই একজন চোর হলে অন্যজন জোচ্চোর হবেই।
প্রসঙ্গত,সমগ্র চাঁচল এলাকা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিলো। কিন্তু গত পঞ্চায়েত ভোট থেকেই বদলে যায় এলাকার রাজনৈতিক সমীকরণ। বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। কংগ্রেস দুর্গ দখল করে নেয় তৃণমূল। এই পঞ্চায়েত ভোটে তাই নিজেদের জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে নিজেদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?