সময় কলকাতা ডেস্ক, ২৮ জানুয়ারিঃ বিবিসি’র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে অশান্তির আঁচ এবার কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি’র বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ প্রদর্শনীতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তা সত্ত্বেও দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছবিটি দেখানো ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রেসিডেন্সির ইউনিয়ন রুমে’ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর প্রদর্শনী চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। প্রায় আধঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। যদিও শেষমেশ বিদ্যুৎ আসে এবং ছবিটি দেখানো হয়। এর জন্য কর্তৃপক্ষকে দায়ী করছেন প্রেসিডেন্সির ছাত্র সংগঠন। এর নেপথ্যে রাজ্য সরকারের ইন্ধন রয়েছে বলেই দাবি বাম ছাত্র সংগঠনের। এমনকী এদিন উপাচার্যের ঘরের সামনেও প্রতিবাদে সামিল হয়েছিলেন পড়ুয়ারা।

এদিকে গত ২৪ জানুয়ারি, মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত বিবিসি তথ্যচিত্র প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ওই তথ্যচিত্র সম্পর্কে খুব বেশি না জানা নেই তাঁদের। ভারতে নানা বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে যথেষ্ট গুরুত্ব দেয় আমেরিকা। প্রসঙ্গত, বিবিসির ওই তথ্যচিত্রে গুজরাট দাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগ নিয়ে একাধিক বিতর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই তথ্যচিত্রটি। সাংবাদিক সম্মেলনে নেড প্রাইস জানান,’যে তথ্যচিত্রের কথা বলছেন, সেটা নিয়ে বিশেষ কিছু জানা নেই। তবে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক প্রসঙ্গে অনেক কিছু জানি। দুই দেশের গণতন্ত্রে প্রচুর মিল রয়েছে। ভারতে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে সংশয় থাকলে আমরা বরাবরই প্রশ্ন করে থাকি।’

যদিও বিবিসি-র ওই তথ্যচিত্রে ভারতের সংখ্যালঘু জনসংখ্যার প্রতি নরেন্দ্র মোদী সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০১৯-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে কেন্দ্র। সংবিধানের ৩৭০ ও ৩৫ (ক) ধারা পর্যন্ত তুলে দেওয়া হয়। বিবিসি-র ওই তথ্যচিত্রে মোদী সরকারের এই ভূমিকারও সমালোচনা করা হয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার তথ্যচিত্রের প্রথম পর্ব ইউটিউব-এ মুক্তি পায়। সূত্রের খবর,তথ্যচিত্র নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তড়িঘড়ি ওই তথ্যচিত্র সরিয়ে দিয়েছে ইউটিউব।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে