সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান হয়ে বোলপুর বা আসানসোলের দিকে যাওয়ার সিংহভাগ ট্রেনই বাতিল করা হয়েছিল। রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল রবিবার পুরোপুরি বন্ধ রাখা হবে বর্ধমান স্টেশন। এর জেরেই হাওড়া-বর্ধমান, বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও। ফলে চরম সমস্যায় পড়েছেন ট্রেনযাত্রীরা। যদিও রেলের দাবি, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ঘুরপথে গন্তব্যে পাঠানো হচ্ছে এবং হাওড়া থেকে মেন শাখায় শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হচ্ছে। একই ভাবে কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত চলছে ১০ জোড়া স্পেশ্যাল ট্রেন।

বর্ধমান স্টেশনের উপর পুরোনো রেল ওভারব্রিজটির বয়স ১০০ বছরেরও বেশি। ফলে বয়েসের ভারে ওই ব্রিজ আজ বিপজ্জনক। আগেই এই ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। নতুন একটি রোড ওভার ব্রিজ তৈরিও করা হয়েছে। যা চালু হয়েছিল বছর তিনেক আগে। তাই ব্রিটিশ আমলের পুরোনো রেল ব্রিজটি সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এই ভাঙার কাজের জন্যই রবিবার সম্পূর্ণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বর্ধমান স্টেশনে। একই কারণে আগামী ৯ ফেব্রুয়ারি ১৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বর্ধমান স্টেশন।

পূর্বরেল আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আগামী ৯ ফে্ব্রুয়ারি বাতিল থাকবে হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মাতারা এক্সপ্রেস, এনজেপি শতাব্দী এক্সপ্রেস। আর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে হাওড়া-জয়নগর এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, গয়া এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, গোডা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনগুলি। প্রায় ১০ দিনের জন্য ট্রেনগুলি বাতিল থাকায় শীতের মরশুমে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকরা ছাড়াও আশেপাশের জেলার নিত্যযাত্রীরা চরম বিপাকে পড়েছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি