Home » বানিয়ে ফেলুন জিভে জল আনা তাওয়া ভেটকি

বানিয়ে ফেলুন জিভে জল আনা তাওয়া ভেটকি

সময় কলকাতা ডেস্ক,১০ ফেব্রুয়ারিঃ কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে।তার স্বাদ চেটেপুটে নিতে রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি তাওয়া ফ্রাই। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
ভেটকি মাছের ফিলে ৬ টি
লেবুর রস-১ টেবল চামচ
আদা, রসুন বাটা আধ-টেবল চামচ
তেল-১ চামচ
কাঁচা লঙ্কা-১টা
ধনেপাতা-১ কাপ


ঘন দই-আধ কাপ
মাখন-২ টেবল চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
নুন-স্বাদ মতো
ময়দা-১ কাপ


রন্ধন প্রণালী
লেবুর রস, আদা, রসুন বাটা ও নুন দিয়ে মোটা করে কাটা ভেটকির ফিলেগুলি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তার সঙ্গে একে একে জল ঝরানো টক দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভাল করে মাখিয়ে রাখুন আরও ৩০ মিনিট রেখে দিন।

এ বার মাছগুলি ময়দায় উল্টে পাল্টে নিয়ে, অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। এরপর নন-স্টিক পাত্রে পরিমাণ মতন মাখন গরম করুন। এবার তাতে মাছ দিয়ে উল্টে-পাল্টে দু’পাশ কড়া করে ভেজে নিন। এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেটকি তাওয়া ফ্রাই।

About Post Author