সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: এ যেন সেই বলিউডের ‘ওহ মাই গড’ (Oh my God) সিনেমার বাস্তব রূপ। পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ওই সিনেমায় ঠাকুর-দেবতাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের নোটিশ ধরানো হয়েছিল। আদালতে যুক্তি-তর্কের সেই পর্ব সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। রিল লাইফ থেকে এবার রিয়েল লাইফেও ঘটল প্রায় একই ঘটনা। মধ্যপ্রদেশের মোরেলা জেলার সবলগড় শহরে খোদ স্বয়ং বজরংবলীকে নোটিশ পাঠিয়েছিল রেল কর্তৃপক্ষ। বলা ভালো সবলগড়ে একটি বজরংবলী হনুমান মন্দিরের নামে নোটিশ পাঠিয়েছিল রেল। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসায় হইচই পড়ে যায়। শুরু হয় বিতর্ক। এরপরই প্রবল জনরোষের মুখে ওই নোটিশ প্রত্যাহার করে নেয় রেল।

রেল জমি জবরদখল করা হয়েছে বলে উল্লেখ করে সবলগড়ের ওই বজরংবলী মন্দিরের বিরুদ্ধে নোটিশ পাঠায় রেল মন্ত্রক। গত ৮ ফেব্রুয়ারি ওই নোটিশ পাঠানো হয়। দ্রুত ওই জমি খালি করার জন্য সাতদিনের সময়ও দেওয়া হয়েছিল ওই নোটিশে। রেলের তরফ থেকে ওই নোটিশ মন্দিরের গেটে ও দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়। আর মুহূর্তের মধ্যে ওই নোটিশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই রেলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

খুব দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য প্রান্তে। ‘ওহ মাই গড’ সিনেমার প্রসঙ্গ টেনে অনেকেই রেলকে কাঠগড়ায় তোলে বহু মানুষ। ফলে জনরোষও বাড়তে শুরু করে। ফলে চরম অস্বস্তিতে পড়তে হয় কেন্দ্রের বিজেপি সরকারকে। এরপরই রেলের উপরমহল নড়েচড়ে বসে। দ্রুত ওই নোটিশ প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। তাতে কাজও হয়, গোটা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে রেলের ডিভিশন অফিস থেকে ওই নোটিশ প্রত্যাহার করার কথা জানিয়ে দেওয়া হয়।

পাশাপাশি অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলেও উল্লেখ করা হয়। রেলের ডিভিশনের জনসংযোগ আধিকারিক মনোজ মাথুর বলেন, “ভুলবশত বজরং বলীর নাম উল্লেখ করে এই নোটিসটি পাঠানো হয়েছিল। অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তবে আমরা নোটিস প্রত্যাহার করে নিয়েছি। নতুন করে ওই হনুমান মন্দিরের পুরোহিতের নাম উল্লেখ করে দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছে রেলের তরফে”। রেল আরও জানিয়েছে, গোয়ালিয়র-শেওপুর নতুন ব্রডগেজ লাইনের কাজের জন্য ওই মন্দির সরানো প্রয়োজন।


More Stories
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে