সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ বুধবার বিধানসভায় ২০২৩-’২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট ভাষণের আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। তাঁরা মুখোমুখি হবেন কি না, তা নিয়ে জল্পনাও শুরু হয়েছিল তৃণমূল-বিজেপি দুই শিবিরেই। তবে,বুধবার বৈঠকের কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা টুইট করে জানান রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না তিনি।
I have declined the invitation to join the Committee Meeting for appointing the State Chief Information Commissioner, as because the advertising guidelines for inviting applications have been violated, reducing it to a farcical process to approve an already pre-decided Candidate. pic.twitter.com/CAEqFDZgGf
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) February 15, 2023
তাঁর অভিযোগ,ওই চেয়ারে কে বসবেন? তা সরকার পক্ষ আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন নামেমাত্র বৈঠক ডাকা হয়েছে। তাই তিনি থাকবেন না। প্রসঙ্গত, জগদীপ ধনখড় আমলে তথ্য কমিশনার হিসাবে নবীন প্রকাশের নাম চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। যা নিয়ে আপত্তি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আবেদনপত্র নিয়ে বিজ্ঞাপন গাইডলাইনের লঙ্ঘন করার অভিযোগ ছিল বিরোধী দলনেতার। ইতিমধ্যেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন শুভেন্দু অধিকারী।

এদিন বেলা ১২ টা নাগাদ বৈঠক হওয়ার কথা ছিল। নিয়োগ কমিটির সদস্যরা হলেন, স্পিকার, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন সিনিয়র মন্ত্রী। বর্তমানে সিনিয়র মন্ত্রী হিসাবে ওই কমিটির সদস্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে যোগ দিতে বিরোধী দলনেতাকে গত সপ্তাহেই আমন্ত্রণ পত্র পাঠানো হয় নবান্নের তরফে। এর আগে রাজ্যের লোকায়ুক্ত এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈঠক শুভেন্দু বয়কট করেছিলেন। তাঁর বক্তব্য, নিয়ম মেনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে ২০২২ সালে মুখ্য তথ্য কমিশনার পদের জন্য নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ২০২২ সালের ২৫ নভেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, তথ্য কমিশনার পদের জন্য ১৫জন প্রাক্তন আমলা ও পুলিশ কর্তা আবেদন করেছেন। তাঁদের মধ্যে ১১ জনের নাম ইতিমধ্যেই চূড়ান্ত করেছে রাজ্য সরকার। ওই ১১ জনের মধ্যে থেকে এক জনের নাম রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে চূড়ান্ত করা হবে। সেই কারণেই বুধবারের বৈঠক।


More Stories
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!