সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ ‘শরীর ভালো নেই’। সোমবার জেল থেকে হাসপাতাল যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন অনুব্রত মণ্ডল। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সি চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। উপস্থিত ছিল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,৪ সদস্যের চিকিৎসক প্রতিনিধিদল কেষ্ট মণ্ডলের শারীরিক পরীক্ষা করবেন।

উল্লেখ্য,১৭ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। অনুব্রতর আইনজীবী নতুন করে জামিনের আবেদন না করায় আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,আগামী ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। একইসঙ্গে ওইদিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন তিহার জেলে থেকে ভার্চুয়াল শুনানিতে যোগ দেয়।

এদিকে,বৃহস্পতিবারই আসানসোল বিশেষ সংশোধনাগারে প্রায় এক ঘণ্টা অনুব্রতকে জেরা করেন তদন্তকারী অফিসারেরা। তবে,অনুব্রত এদিন স্বভাবসিদ্ধভাবে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে,প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন করে ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পাওয়া গিয়েছে। ১১৫ টি বাফার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির সঙ্গে কেষ্ট মন্ডলের কী যোগ রয়েছে, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলি ওই ১৬ জনের খোলা নয় এবং টাকাও তাঁদের নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এই কাজ ব্যাঙ্ক ম্যানেজার করেছেন বলে আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের