সময় কলকাতা ডেস্ক,২৭ ফেব্রুয়ারিঃ দিল্লির মদকাণ্ড নিয়ে শেষ পর্যন্ত রবিবার আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। তবে আপের আশঙ্কা, মণীশকে জেরা করার সূত্র ধরে এরপর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও নোটিস পাঠাবে সিবিআই, ইডি। কারণ যে অভিযোগে সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে সেটি আদতে মন্ত্রিসভার একটি বিতর্কিত সিদ্ধান্ত। দিল্লির যে মদনীতিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া এবং সেই সূত্রে আপের তহবিলে মোটা টাকা জমা হওয়ার অভিযোগ উঠেছে, সেটি অনুমোদন করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। শুধু তাই নয়, ওই নীতি তৈরির প্রক্রিয়াতেও যুক্ত ছিলেন কেজরিওয়াল। কেজরিওয়ালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সিবিআই। প্রমাণ লোপাটের জন্য তিনিও ঘন ঘন মোবাইল সেট এবং সিম বদল করেছেন। সিবিআই, ইডির আইনজীবীরা আদালতে প্রশ্ন তুলেছেন, ব্যবসায়ীদের অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার নীতি কেন তৈরি করা হয়েছিল? এবার সেই প্রশ্নের সদুত্তর পেতে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত,রবিবার আবগারি দুর্নীতিকাণ্ডে টানা ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের উত্তরে এড়িয়ে যাওয়ার কারণে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেই মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু ওইদিন সিবিআই-এর কাছে কিছুটা সময় চান সিসোদিয়া।

কেজরিওয়ালের ডেপুটির আবেদন মেনে রবিবার ফের তাঁকে তলব করা হয়েছিল। রবিবার সকালেই সিবিআই দফতরের পৌঁছন মণীশ। এদিনই যে তিনি গ্রেফতার হতে পারেন, সেই আশঙ্কা সকালেই প্রকাশ করেছিলেন মণীশ। সিবিআই দফতরে যাওয়ার আগে তিনি জানান যে, ৭-৮ মাস জেলে থাকার জন্য প্রস্তুত তিনি। এরপর রবিবার বিকেল গড়াতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘ডেপুটি’কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের ঘটনায় গর্জে উঠেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মণীশের গ্রেফতারি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন আপ সুপ্রিমো।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের