সময় কলকাতা ডেস্ক,২৭ ফেব্রুয়ারিঃ পাতুরি চিরকালই বাঙালির বড় প্রিয়। কিন্তু চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায় বলুন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন লেমন চিকেন পাতুরি। সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ জমবে এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন কিমা-৫০০ গ্রাম
গন্ধরাজ লেবুর পাতা-৪টি
গন্ধরাজ লেবুর রস-৪-৫ টেবিল চামচ
কুমড়ো পাতা-৪টি
কাঁচালঙ্কা বাটা-৪ টেবিল চামচ
পোস্ত বাটা-৩ টেবিল চামচ
রসুন বাটা-২ টেবিল চামচ
নারকেল বাটা-৪ টেবিল চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো-স্বাদ মতো
সাদা তেল-৩ টেবিল চামচ

রন্ধন প্রণালী
প্রথমেই চিকেনগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তবে মনে রাখবেন খুব বেশি মিহি পেস্ট যেন না হয়। এবার একটি পাত্রে সেই চিকেন পেস্ট নিয়ে তাতে এক এক করে সব উপকরণ মিশিয়ে নিন। এবার গরম জলে সামান্য নুন দিয়ে কুমড়ো পাতাগুলি অল্প ভাপিয়ে নিন। মাংসের খানিকটা মিশ্রণ সেই পাতার মধ্যে রেখে তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে কুমড়ো পাতাটি ভাল করে মুড়ে দিন। ফ্রাইংপ্যানে এবার সামান্য তেল দিয়ে ভাল করে এ পিঠ-ও পিঠ করে পাতুরি গুলি ভেজে নিন। ভাজা হয়ে এলে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লেমন চিকেন পাতুরি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি