Home » হৈমন্তীর পর নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে আরও এক রহস্যময়ীর নাম!

হৈমন্তীর পর নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে আরও এক রহস্যময়ীর নাম!

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর আরও এক রহস্যময়ী নারীর নাম সামনে এল নিয়োগ দুর্নীতি মামলায়। এবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করা হল দক্ষিণ কলকাতার বাসিন্দা এক পার্লার মালিককে। ইডি সূত্রে খবর, এই রহস্যময়ীর নাম সোমা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখার পর উঠে এসেছে সোমা চক্রবর্তীর নাম। এবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হল জিজ্ঞাসাবাদের জন্য। শুক্রবারই তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। এদিন তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলেই সূত্রের খবর।

ইডি সূত্রে জানা যাচ্ছে, হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে গিয়ে তদন্তকারীরা দেখেন, ২০২০ সালে জনৈক সোমা নামে এক মহিলার সঙ্গে বেশ কয়েকবার লেনদেন হয়েছে কুন্তলের। পরে দেখা যায় তাঁর নাম সোমা চক্রবর্তী, যিনি দক্ষিণ কলকাতারা এক পার্লার বা স্যালোঁর মালিক। ইডি সূত্রে জানা যাচ্ছে সে সময় কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা দিয়েছিল সোমাকে।

তদন্তকারীরা জানতে চাইছেন, মিডলম্যান হিসেবে যে মোটা টাকা লেনদেন হয়েছে তা কি এই সোমা চক্রবর্তীর পার্লার ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল? নাকি ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কোনও ব্যবসায় টাকা ঢালা হচ্ছিল। প্রসঙ্গত, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকে গোপাল দলপতি, সুজয় ভদ্র, বিভাস অধিকারীর মতো কয়েকজনে নাম সামনে এসেছে। কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায় ও সোমা চক্রবর্তীর মতো রহস্যময়ী নারীর নাম সামনে আসায়।

About Post Author