সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে পেশ করা হল মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলেকে। সোমবার মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরুপা ভট্টাচার্য ও ছেলে সৌভিককে নগর দায়রা আদালতে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর,জেল হেফাজতের বিরোধিতা করে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী।
গত ২৩ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল আদালত থেকে গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলেকে। এরপর প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলেকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ওইদিন তাঁদের জামিনের আর্জিও জানান আইনজীবী। শেষ পর্যন্ত বিচারক মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলের জামিনের আর্জি খারিজ করে দেন। ফলে আদালতেই গ্রেফতার করা হয় তাঁদের। সৌভিক ভট্টাচার্যকে পাঠানো হয়েছিল প্রেসিডেন্সি জেলে। অন্যদিকে,আলিপুর মহিলা সংশোধানাগারে পাঠানো হয়েছিল শতরূপা ভট্টাচার্যকে। এরপরই ৬ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্র হাইকোর্টে আবেদন করেছেন। কিন্তু জামিনের কোনও আবেদন তারা করেননি।

প্রসঙ্গত,২০১২ সাল থেকে ২০বার বিদেশ সফরে গিয়েছে মানিক ভট্টাচার্যের পরিবার। বিদেশ সফরের তালিকায় ফ্রান্স, নাইজেরিয়া, মালদ্বীপ, ব্রিটেন, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো একাধিক দেশ রয়েছে। প্রতিটি সফরে খরচ হয়েছে কমপক্ষে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতির টাকাতেই কি বিদেশ সফর? ইতিমধ্যেই সেসব কিছুই তদন্ত করে দেখছে ইডি-র আধিকারিকরা। এদিকে,মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্যকে নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছে ইডি।

তদন্তকারী আধিকারিকদের দাবি, শৌভিক ভট্টাচার্য বেশ কয়েকবার লন্ডন যাত্রা করেছেন। কিন্তু,২০১৭ সালের মে এবং জুলাই মাসে দু’বার লন্ডন যাত্রা করলেও সেই তথ্য সম্পূর্ণ গোপন করে গিয়েছেন তিনি। যা পরবর্তীতে ইডি-র তদন্তে উঠে আসে। অন্যদিকে, মানিক ভট্টাচার্যের স্ত্রীর বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সঙ্গেই জড়িত ছিলেন তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য মানিকের স্ত্রীর কাছে রয়েছে। তাঁকে জেরা করেই সেসব তথ্য ফাঁস হতে পারে বলেই জানিয়েছে ইডি আধিকারিকরা। কার্যত সেকারণেই দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানান ইডি-র আইনজীবী।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ