সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: ভারতীয় রেল নেটওয়ার্ক সারা বিশ্বের নিরিখে চতুর্থ বৃহত্তম। যদিও গণ পরিবহণের নিরিখে এটি প্রথমেই অবস্থান করে। ভারতে প্রায় ৭,৫০০ রেল স্টেশন আছে। এর মাধ্যমে দেশের প্রায় ৫০ লক্ষ মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। আর দূরপাল্লা, স্বল্প দূরত্ব ও লোকাল মিলিয়ে প্রতিদিন প্রায় ২৮ হাজার প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে ভারতে। এই দেশে বহু এমন স্টেশন আছে যা এক কথায় অনন্য। জানেন ভারতে এমন একটি রেল স্টেশন আছে যেটি দুটি দেশের মধ্যে অবস্থিত?

দেশ ভাগ হয় কাঁটা তারের বেড়ার মাধ্যমে। কিন্তু আস্ত স্টেশন ভাগ হয়ে যাওয়ার ঘটনা বিরল। যে স্টেশনটির কথা বলছি সেটির একটি অংশ ভারতে এবং অন্য অংশটি বাংলাদেশের মধ্যে পড়েছে। অবাক করা স্টেশনটি ভারতের অন্তর্গত ত্রিপুরা রাজ্যে অবস্থিত। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আওতায় রয়েছে মনু বাজার রেল স্টেশন। যা লামডিং ডিভিশনের তেলিয়ামুড়া-আমবাসা শাখায় অবস্থিত। এই স্টেশনের ইতিহাসও বেশ পুরোনো। ব্রিটিশ আমলে তৎকালীন প্রশাসক রাডফ্লিকের আঁকা সীমান্তরেখায় বিভক্ত হয়ে যায় ভারত ও পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)।

সে সময় একই নদীর তীরে থাকা ন্যারোগেজ লাইনের এই মনু বাজার স্টেশনটির মাঝ বরাবর ভাগ হয়ে যায় সীমান্তরেখার দ্বারা। বর্তমানে এটি ব্রডগেজে রূপান্তরিত করেছে ভারতীয় রেল। স্টেশন বিল্ডিংও নতুন করে তৈরি করা হয়েছে। যদিও এখন মনু বাজার স্টেশনে সারাদিনে সাকুল্যে চারটি ট্রেন দাঁড়ায়। কিন্তু ভারত ভাগের আগে এই স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়াত। তবে আজও ত্রিপুরার মনু বাজার স্টেশনটি অবিভক্ত ভারতের অন্যতম জ্বলন্ত উদাহরণ হয়ে রয়ে গিয়েছে।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
“বয়সে বড় হলেই” : মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার
সত্যজিতের চোখে উত্তম কুমার