Home » মাঝ আকাশে দুর্ঘটনার কবলে সেনা কপ্টার, আরব সাগরেই হল এমার্জেন্সি ল্যান্ডিং!

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে সেনা কপ্টার, আরব সাগরেই হল এমার্জেন্সি ল্যান্ডিং!

সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ: হোলির দিনই দুর্ঘটনার কবলে সেনা হেলিকপ্টার। আরব সাগরের তীরেই মাঝ আকাশে ঘটল বিপত্তি। শেষ পর্যন্ত আরব সাগরেই এমার্জেন্সি ল্যান্ডিং করানো হল ওই হেলিকপ্টারটিকে। সূত্রের খবর, তিনজন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে ঘটল বিপত্তি, জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে নৌসেনা।

বুধবার ভারতীয় নৌসেনা এক বিবৃতি জারি করে জানিয়েছে, নৌসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’ রুটিন টহলদারিতে বেরিয়েছিল। আচমকাই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তড়িঘড়ি মুম্বইয়ের কাছে তিনজন ক্রু মেম্বার-সহ ওই হেলিকপ্টারকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় আরব সাগরেই। দ্রুতই উদ্ধারকাজ শুরু করে বায়ুসেনার পেট্রল হোভারক্রাফ্ট। তিনজনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌসেনা। প্রসঙ্গত ভারতের Advanced Light Helicopter বা ALH-র পোশাকি নাম হল ‘ধ্রুব’।

বর্তমানে ভারতীয় সেনার হাতে ১৯১টি ধ্রুব হেলিকপ্টার রয়েছে। বায়ুসেনার কাছে রয়েছে ১০৭টি এবং নৌসেনার কাছে রয়েছে ১৪টি ধ্রুব হেলিকপ্টার। সূত্রের খবর, আরও ৮৪টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের বরাত দিয়েছে সেনা। সর্বাধিক ২০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারকে ওড়াতে দরকার দুইজন পাইলট। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৯২ কিলোমিটার। পাইলট ছাড়া ক্রু মেম্বার-সহ ১২ জন সেনাকে নিয়ে উড়তে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টার। এটির নকশা এবং নির্মান করেছে হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (HAL)। আপাতত এই কপ্টার কোনও অস্ত্র বহন করতে পারে না। তবে আগামীদিনে হ্যাল ধ্রুব হেলিকপ্টারে অস্ত্র বহনের ক্ষমতা দিতে চায়।

 

About Post Author