Home » পুলিশকে ঘোল খাইয়ে এসএফআই সমর্থকরা উঠে পড়লেন বিধানসভার গেটে! ধুন্ধুমার

পুলিশকে ঘোল খাইয়ে এসএফআই সমর্থকরা উঠে পড়লেন বিধানসভার গেটে! ধুন্ধুমার

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: ঠিক যেন, বজ্র আঁটুনি ফসকা গোরো! শুক্রবার আঁটসাঁট নিরাপত্তা থাকা সত্বেও আটকানো গেল না বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল। রীতিমতো পুলিশের চোখে ধুলো দিয়ে কিছু এসএফআই সমর্থক সোজা পৌঁছে যান বিধানসভার গেটে। এরপরই কয়েকজন বিধানসভার গেটের রেলিং বেয়ে ওঠার চেষ্টা করলেন তাঁরা। বাকিরা গেট ধরে ঝাঁকাতে শুরু করেন। বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখাতে দেখা গেল এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকেও। সূত্রের খবর, সেই সময় বিধানসভার পশ্চিম গেটে গুটিকয়েক পুলিশ মোতায়েন ছিলেন। এই ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। তখনই শুরু হয়ে যায় হুলুস্থুলু কাণ্ড। অভিযোগ, রীতিমতো টেনে হিঁচড়ে বাম ছাত্রদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুলিশের গাড়িতে তোলা হয় সৃজন ভট্টাচার্যকেও। পুলিশের গাড়ি থেকেই সৃজন চিৎকার করে বলেন, ‘আমরা বলেছিলাম বিধানসভায় আসব, এসে গিয়েছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিধানসভা অভিযানের অনুমতি মেলেনি। কিন্তু, লালবাজারের চোখরাঙানিকে থোড়াই কেয়ার করে এসএফআই রাজ্য নেতৃত্ব সজৃন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাসরা জানিয়ে দিয়েছিলেন শুক্রবার বিধানসভা অভিযান হবেই। সেই মতো শুক্রবার সকাল থেকেই শিয়ালদা ও হাওড়া স্টেশনে জমায়েত করতে শুরু করে দেয় বাম ছাত্ররা। কিন্তু মিছিল করার আগেই হাওড়া ও শিয়ালদায় আটকে দেওয়া হয় বাম ছাত্রদের। আটক করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু কিছুটা পরে ফের শিয়ালদার কাছে জড়ো হয় এসএফআই সমর্থকরা। এরপর মিছিল করে তাঁরা কলেজ স্ট্রিট হয়ে পৌঁছে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত। অপরদিকে, হাওড়া স্টেশনেও আটকে দেওয়া হয় এসএফআই মিছিল। র‌্যাফ, কমব্যাট ফোর্স-সহ বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল হাওড়ায়। তবুও মিছিল নিয়ে কিছুটা এগিয়ে যান বাম ছাত্রনেতারা। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই তাঁদের বাঁধা দেয় পুলিশ। সেখান থেকে ২২ জন বাম ছাত্র নেতা-নেত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বাম মিছিলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও এদিন মিছিল করার ব্যাপারে অনড় ছিল নেতৃত্ব। তাই অশান্তির আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত ছিল লালবাজার। শিয়ালদা ও হাওড়া স্টেশনের আশে পাশে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। র‌্যাফ, কমব্যাট ফোর্সও রাখা হয়েছিল কিছু এলাকায়। বিধানসভার মেন গেট কার্যত দূর্গে পরিনত করেছিল কলকাতা পুলিশ। সেখানে চারিদিকে ব্যারিকেড করা হয়েছিল। মোতায়েন ছিলেন চারজন ডিসি পদমর্যাদার অফিসার। তবুও পুলিশের চোখে এড়িয়ে কয়েকজন এসএফআই কর্মী-সমর্থককে নিয়ে বিধানসভার ওয়েস্ট গেটে পৌঁছে যান এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। শেষ পর্যন্ত গেটের রেলিং বেয়ে উঠেও পড়েন অনেকটা। তবে পুলিশ তাঁদের গ্রেফতার করে পরিস্থিতি সামাল দেয়।

About Post Author