Home » অস্কার মঞ্চে জোড়া জয় ভারতের, প্রশংসায় পঞ্চমুখ মোদি

অস্কার মঞ্চে জোড়া জয় ভারতের, প্রশংসায় পঞ্চমুখ মোদি

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: গোল্ডেন গ্লোবের পর এবার অস্কার। রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার জনপ্রিয় গান ‘নাটু নাটু’ ফের বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল। গোল্ডেন গ্লোব জিতে প্রশংসিত হওয়ার পর ২০২৩ সালের অস্কারে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘নাটু নাটু’ গানটি। প্রতিদ্বন্দ্বীতায় ছিল ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভার’ সিনেমার লিফট মি আপের মতো গান। কিন্তু শেষ হাসি হাসল টিম ‘আরআরআর’।

এ আর রহমানের স্ল্যাম ডগ মিলিওনিয়ারের বহুদিন পর কোনও ভারতীয় গান অস্কার জিতল। তবে ভারতবাসীর জন্য এটাই একমাত্র সুখবর নয়। ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে অস্কার জিতল ভারতীয় শর্ট ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ফলে অস্কার মঞ্চে এই বছর জোড়া সাফল্য। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে দুই ভারতীয় সিনেমা নির্মাতাদের শুভেচ্ছাবার্তা দিলেন।

রবিবার রাত থেকেই শুরু হয়েছিল কাউন্টডাউন। সোমবার ভোরে এল সুখবর। রিয়ানা, লেডি গাগার মতো তাবড় তাবড় পপতারকাদের পিছনে ফেলে শিরোপা আদায় করে নিল দক্ষিণী পরিচালক রাজামৌলির ‘আরআরআর’। অস্কার মঞ্চে এদিন পুরস্কার নিলেন ছবির গীতিকার চন্দ্র বোস এবং সঙ্গীত পরিচালক এম এম কীরাবানী। নাটু নাটু গানের দৃশ্যে জমিয়ে নেচেছিলেন দুই দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং এনটিআর জুনিয়র। গানটি গেয়েছিলেন কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ।  প্রায় ১২০০ কোটি টাকা ব্যবসা করা এই সিনেমা গত বছর মার্চ মাসে রিলিজ করেছিল। রামচরণ এবং এনটিআর জুনিয়রের অভিনয় প্রশংসিত হয়েছিল গোটা দেশেই। বিদেশের মাটিতেও বহু পুরস্কার ছিনিয়ে এনেছিল রাজামৌলির ‘আরআরআর’। এবার অস্কার জিতে দেশের মান আরও উজ্জ্বল করল টিম ‘আরআরআর’।

 

View this post on Instagram

 

A post shared by Guneet Monga Kapoor (@guneetmonga)

অপরদিকে অস্কার দিতে নজির গড়লেন দুই ভারতীয় মহিলা। তামিল ছবি ‘দি এলিফ্যান্ট হুইস্পারার্স’ মনোনয়ন পেয়েছিল ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে। আবার  ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। যদিও জিততে পারেননি শৌনক সেন। তবে দেশকে গর্বিত করলেন দুই কন্যা গুনীত মোঙ্গা এবং কার্তিকি গনজালভেস। স্বল্প দৈর্ঘ্যের তামিল ছবি ‘দি এলিফ্যান্ট হুইস্পারার্স’ পরিচালনা করেছেন কার্তিকি গনজালভেস। ছবিটি প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা।  হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প। এই ত্রয়ীর পারস্পরিক সম্পর্কের রসায়ন এই শর্ট ফিল্মের ইউএসপি। যা শেষ পর্যন্ত অস্কার ছিনিয়ে আনে। একদিনে জোড়া সাফল্যে উচ্ছ্বশিত নরেন্দ্র মোদি টুইট করে শুভেচ্ছাবার্তাও দিলেন তৎক্ষণাৎ।

About Post Author