সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ডাকে দ্বিতীয়বারের জন্য সিজিও কমপ্লেক্সে এসেছিলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত। মঙ্গলবার তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য-সহ এদিন বনি সেনগুপ্তকে তলব করেছিল ইডি। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে এদিন বেলা আড়াইটা নাগাদ বেরিয়ে আসেন অভিনেতা বনি সেনগুপ্ত। সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে। কুন্তলের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেবেন কিনা জানতে চাওয়া হলে বনি বলেন, ‘ওই সব টাকাই আমার দাদা, আর কারও নয়’।

প্রসঙ্গত, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে ৩৫-৪০ লক্ষ টাকা নিয়েছিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত। তিনি একটি বিলাসবহুল গাড়ি কেনার জন্যই ওই টাকা নিয়েছিলেন বলে স্বীকার করেন। এদিন ইডি তাঁকে ওই গাড়ি কেনার যাবতীয় কাগজপত্র ও নথি নিয়ে আসতে বলেছিল। ইডি দফতর থেকে বেরিয়ে বনি বলেন, ‘আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল যাবতীয় জমা দিয়েছি। সব কথা হয়েছে। এবার ইডি যা বলবে তাই করব’। তবে তিনি এও দাবি করেন, ‘আশা করছি আমায় আর ডাকবে না। আমার আর এ ভাবে হেনস্থা করবেন না’। তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির আরেক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনি চেনেন না বলেই দাবি করলেন বনি।



More Stories
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার