Home » বিজেপি নেতা জিতেন্দ্রর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বিজেপি নেতা জিতেন্দ্রর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: কম্বলকাণ্ডে নাটকীয় মোড়। আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে শনিবার নয়ডা থেকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। রবিবার তাঁকে আসানসোলের আদালতে হাজির করানো হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় নাটকীয় মোড়। সোমবারই জিতেন্দ্রর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২ সপ্তাহের জন্য জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। ২ সপ্তাহ পরই এই মামলার শুনানি হবে। এই সময়ের মধ্যে সব পক্ষকেই হলফনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর জামিন পেয়ে যাবেন জিতেন্দ্র তেওয়ারি।

আরও পড়ুন  আসানসোল কম্বলকাণ্ডঃ জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে জিতেন্দ্র তেওয়ারির আগাম জামিনের মামলা ওঠে। সব পক্ষের সাওয়াল শোনার পর ডিভিশন বেঞ্চ জিতেন্দ্রর গ্রেফতারিতে ২ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়েছে। উল্লেখ্য, আগেই কম্বলকাণ্ডে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। কিন্তু এই মামলার শুনানির আগেই আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে নয়ডা থেকে গ্রেফতার করে তাঁকে। শনিবার রাতেই জিতেন্দ্রকে দিল্লি থেকে কলকাতা নিয়ে আসা হয়। রবিবারই তাঁকে আসানসোল আদালতে হাজির করানো হয়। নিজেই নিজের হয়ে সাওয়াল করেন বিজেপি নেতা। কিন্তু তিনি জামিনের আবেদন করেননি। পরে বিচারক তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠান।

আরও পড়ুন  আসানসোল আদালতে পেশ জিতেন্দ্র, আদালতে নিজেই নিজের সওয়াল করলেন

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ভাঙাল এলাকায় এক কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি। তিনি আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কম্বল বিতরণের সময় সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। ফলে একাধিক মানুষ পদপিষ্ট হয়েছিলেন। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এই ঘটনায় জিতেন্দ্র তেওয়ারি-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মৃতের আত্মীয়। এই মামলাতেই বিজেপি নেতাকে নয়ডা থেকে গ্রেফতার করে আসানসোল পুলিশ। এদিন শুধু জিতেন্দ্রই নয়, সুপ্রিম কোর্ট আসানসোলের দুই বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা এবং তেজপ্রতাপ সিংয়ের গ্রেফতারিতেও স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি একটি নোটিশ জারি করে রাজ্য সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

About Post Author