Home » নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা, রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা, রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ সিবিআই। সিবিআই-এর আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় আদালত। সেই ঘটনারই নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। কিন্তু সিবিআই-এর অভিযোগ, এখনও সেই নথি হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। কার্যত সেকারণেই এবার আদালত অবমাননার অভিযোগ তুলে সিবিআইকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

এদিকে,গত সপ্তাহেই নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। ওইদিন মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। ঘটনার দিন কী ঘটেছিল, সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই জন্য আদালত চায় নিরপেক্ষ কোনও এজেন্সি এই ঘটনার তদন্ত করুক। সেই জন্যই তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হচ্ছে।’


প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করে গত ২৩ মার্চ কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করেছিল কোচবিহার পুলিশ। কোচবিহারের পুলিশ সুপারের রিপোর্টে বিজেপি কর্মীদেরকে ঘটনার জন্য দায়ী করা হয়। ওইদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ওইদিনই বিচারপতি মান্থার এজলাসে মামলা করেন কোচবিহারের ২৩ জন বিজেপি সমর্থক। এমনকী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি।

আরও পড়ুন   আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়!

উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসেই কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। পাল্টা বুড়িরহাট বাজারে তৃণমূলের একটি পার্টি অফিসে হামলা চালায় বিজেপি সমর্থকরা। অন্যদিকে বিজেপিই প্রথমে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তোলে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হন। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কেন্দ্রের দাবি, রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। এদিন শুনানিতে কেন্দ্রের তরফ স্বরাষ্ট্রমন্ত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়।

About Post Author