Home » সুপ্রিম কোর্টে ধাক্কা মোদী বিরোধীদের

সুপ্রিম কোর্টে ধাক্কা মোদী বিরোধীদের

সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিল: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস সহ ১৪ টি বিরোধী দলের জোট। অতি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস সহ ১৪টি বিজেপি বিরোধী দল। তাদের আবেদন ছিল দেশের শাসক দল বিরোধী দল গুলির বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে। যদিও বুধবার শীর্ষ আদালত তৃণমূল কংগ্রেসসহ ১৪ টি বিরোধী দলের এই আবেদন খারিজ করে দেয়।

বিরোধী নেতাদের হেনস্থা করতে সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলিকে অপব্যবহার করছে কেন্দ্র, যৌথভাবে এমনই অভিযোগ করেছিল ১৪টি দল। কিন্তু বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ আবেদনটি গ্রহণ করতেই অস্বীকার করে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও বাস্তবিক প্রেক্ষাপট ছাড়া এই বিষয়ে কোনও সাধারণ নির্দেশিকা জারি করতে পারে না আদালত। বেঞ্চ জানিয়েছে, আদালত শুধুমাত্র ব্যক্তিগত মামলার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। বেঞ্চ আরও জানিয়েছে, সাধারণ নাগরিকদের থেকে বেশি সুবিধা দাবি করতে পারেন না রাজনৈতিক নেতারা। এরপরই আবেদনকারীদের আইনজীবী ড. অভিষেক মনু সিংভি আবেদনটি প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন   সেনাকর্মীর দেহ রহস্যজনকভাবে প্যারাসুট পরিহিত অবস্থায় মিলল বড়জোড়ায়

এরপরই  আদালতে অভিষের মনু সিংভি জানান, বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছে।  এখনও পর্যন্ত মাত্র ২৩ শতাংশ ক্ষেত্রে চার্জশিট দাখিল করা হয়েছে। ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে ইডি তদন্তাধীন ৯৩ শতাংশ রাজনীতিবিদদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছিল। ইউপিএ সরকারের অধীনে যে ৭২ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত করেছিল সিবিআই, তাদের মধ্যে ৪৩ জনই ছিল বিরোধী দলের।

About Post Author