সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার আরও বিপাকে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। খারিজ হয়ে গেল জামিনের আর্জি। শেষমেশ ৪ দিনের সিবিআই হেফাজতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। টানা ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সিবিআই-এর হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত তিনদিন ধরে বড়ঞার এই তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। শেষে সোমবার ভোর ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ রয়েছে। এদিন সকাল ১১ টা নাগাদ জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এরপরই আদালতে জীবনকৃষ্ণকে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালতে এদিন খারিজ হয়ে যায় সেই আবেদন।

এদিকে, তিনদিনের নাটকীয় তল্লাশির পরে অবশেষে পাওয়া গেল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলটিও। প্রথম মোবাইলটি রবিবার সকাল পাওয়া গিয়েছিল। আর দ্বিতীয়টি পাওয়া গেল সোমবার দুপুর ১২টা নাগাদ। সূত্রের খবর, ওই মোবাইলগুলিতে এমন কিছু তথ্য আছে যা নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া মোড় দিতে পারে। মোবাইল দু’টি হায়দরবাদের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে বলেই জানা গিয়েছে। শুক্রবার বিকেল থেকে সিবিআই আধিকারিকরা হন্যে হয়ে জীবনকৃষ্ণ সাহার দু’টি মোবাইল খুঁজতে শুরু করে। সেসময় ফোন খুঁজতে গিয়ে পাওয়া গিয়েছিল লুকিয়ে রাখা ৬টি ব্যাগও। কিন্তু মোবাইল পাওয়া যায়নি।
আরও পড়ুন খোঁজ মিলল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলের

রবিবার সকালে একটি মোবাইল পাওয়া গেলেও দ্বিতীয়টা খুঁজতে কালঘাম ছোটে অফিসারদের। ডেকে পাঠানো হয় এলাকার স্থানীয় তৃণমূল নেতাকে। তাঁর নেতৃত্বে পুকুরে নেমে বিধায়কের মোবাইল খোঁজা শুরু করে তৃণমূল কর্মীরাই। রবিবার বিকেলবেলা আনা হয় জেসিবি মেশিন ও ট্রাক্টর ট্রলি। জেসিবি দিয়ে কাদা তুলে সেটা জমা করা হয় ট্রাক্টরের ওপর। তারপর সেখানে খোঁজা হয়। অবশেষে সোমবার ৬৬ ঘণ্টা পর সকালে পুকুর থেকে সিবিআই উদ্ধার করে জীবনের দ্বিতীয় মোবাইল। জানা গিয়েছে, রবিবার রাত ২টো বেজে ৩৫ মিনিট নাগাদ জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন সিবিআই-এর উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরই শুরু হয় গ্রেফতারির প্রক্রিয়া। এরপর সোয়া ৫টা নাগাদ তাঁকে বাড়ি থেকে বের করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার থেকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। অভিযোগ,জীবনকৃষ্ণ সাহা নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও সিবিআই সূত্রে খবর। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত বিভিন্ন জনের মুখে উঠে এসেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, জেরা চলাকালীন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একটি ফোন সজরে ছুড়ে ফেলেন তার বাড়ির পিছনে থাকা একটি পুকুরে।
আরও পড়ুন সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
তারপর থেকেই ফোনের সন্ধানে ছিল সিবিআই আধিকারিকরা। সেই ফোনের খোঁজেই দিনভর তল্লাশির শেষে তৃণমূল বিধায়কের বাড়ির পিছন দিকে থাকা একটি পুকুরে পাম্প মেশিন দিয়ে জল তোলার পরিকল্পনা করেন সিবিআই আধিকারিকরা। ভোর থেকে পাম্প করে জল বের করার কাজ শুরু হয়। যদিও সেসময় পুকুর থেকে মোবাইলের খোঁজ না মিললেও জলশূন্য পুকুরে তল্লাশি চালিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৬টি ব্যাগ উদ্ধার করেন। প্রাথমিক অনুমান, নথিপত্রের ফাইল অথবা নগদ টাকা রাখা রয়েছে ওই ব্যাগগুলিতে। যা থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব, পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের
অভিষেকের অফিসে ভাঙচুর