Home » তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, জারি তাপপ্রবাহের সতর্কতা

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, জারি তাপপ্রবাহের সতর্কতা

সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল: ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। আগামী এক সপ্তাহের মধ্যে গরম আরও বাড়বে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আরও ৬ দিন লু বইবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। সোমবারও একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। যদিও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 আরও পড়ুন    ঊর্ধ্বমুখী দেশের করোনা আক্রান্তের সংখ্যা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আজ সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৩ থেকে ৮৭ শতাংশ।


পূর্বাভাস বলছে, ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,বুধবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং সহ পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে। শনি ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

About Post Author