Home » সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: টানা ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত তিনদিন ধরে বড়ঞার এই তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। শেষে সোমবার ভোর ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই এদিন সকাল ১১ টা নাগাদ জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, রবিবার রাত ২টো বেজে ৩৫ মিনিট নাগাদ জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন সিবিআই-এর উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরই শুরু হয় গ্রেফতারির প্রক্রিয়া। এরপর সোয়া ৫টা নাগাদ তাঁকে বাড়ি থেকে বের করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার থেকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। অভিযোগ,জীবনকৃষ্ণ সাহা নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও সিবিআই সূত্রে খবর। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত বিভিন্ন জনের মুখে উঠে এসেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, জেরা চলাকালীন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একটি ফোন সজরে ছুড়ে ফেলেন তার বাড়ির পিছনে থাকা একটি পুকুরে। তারপর থেকেই ফোনের সন্ধানে ছিল সিবিআই আধিকারিকরা। সেই ফোনের খোঁজেই দিনভর তল্লাশির শেষে তৃণমূল বিধায়কের বাড়ির পিছন দিকে থাকা একটি পুকুরে পাম্প মেশিন দিয়ে জল তোলার পরিকল্পনা করেন সিবিআই আধিকারিকরা। ভোর থেকে পাম্প করে জল বের করার কাজ শুরু হয়।

আরও পড়ুন   বিধায়কের ফোন খুঁজতে পুকুরে নেমে শোলমাছ ধরতে ব্যস্ত উদ্ধারকারীরা


যদিও সেসময় পুকুর থেকে মোবাইলের খোঁজ না মিললেও জলশূন্য পুকুরে তল্লাশি চালিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৬টি ব্যাগ উদ্ধার করেন। প্রাথমিক অনুমান, নথিপত্রের ফাইল অথবা নগদ টাকা রাখা রয়েছে ওই ব্যাগগুলিতে। যা থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে,শুক্রবার বিধায়কের রঘুনাথগঞ্জের শ্বশুরবাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চালায় বলে খবর। প্রায় ৩ ঘণ্টার তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।

About Post Author