Home » নবান্ন অভিযানের অনুমতি পেল সরকারি কর্মচারীরা

নবান্ন অভিযানের অনুমতি পেল সরকারি কর্মচারীরা

সময় কলকাতা ডেস্ক,২ মে: নবান্ন অভিযানের অনুমতি। ফেরিঘাট থেকে বঙ্কিম সেতু, ডিএম স্লোপ, এম জি রোড, হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবেন সরকারি কর্মচারী সংগঠন। মঙ্গলবার এমনটাই  জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মহার্ঘ ভাতার দাবিতে ৪ মে নবান্ন অভিযান কর্মসূচির অনুমতি চেয়ে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি-সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, “৩০ থেকে ৪০ টা মামলা আমার কাছে এসেছে মিছিল করার অনুমতি চেয়ে। কেন আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হবে?”

রাজাশেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, “রাজ্য সরকারি কর্মচারীরা কি চাইছেন? মহার্ঘ ভাতা। সেক্ষেত্রে শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধা কোথায়?” রাজ্যকে প্রশ্ন বিচারপতির। এক্ষেত্রে বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, “বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে।” সেক্ষেত্রে রাজ্যকে তাঁর পরামর্শ, বিধিনিষেধ আরোপ করতে পারেন, কিন্তু শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারেন না। স্কুল, কলেজ, বাজার, অফিস রয়েছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি মান্থা। বিচারপতি মান্থা বলেন, “আসলে আন্দোলনকারীরা তো দেখাতে চান যে তারা কতটা অসুবিধের মধ্যে রয়েছেন।”

আরও পড়ুন    এনসিপির সভাপতির পদ থেকে ইস্তফা শরদ পাওয়ারের

প্রসঙ্গত, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিচারপতি এদিন বলেন, “সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন ঠিকই, কিন্তু শীর্ষ আদালত তো আন্দোলন করতে বারণ করেনি।” এরপরই বিচারপতি দুপুর ২টোর পর শুনানিতে নবান্ন অভিযানের অনুমতি দেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলিকে।

About Post Author