Home » রক্তদান উৎসবের আয়োজনে মেরিন ইঞ্জিনিয়ার্সরা

রক্তদান উৎসবের আয়োজনে মেরিন ইঞ্জিনিয়ার্সরা

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ ১৪ জুন জন্ম হয়েছিল কার্ল ল্যান্ডস্টাইনারের। তিনি চার ধরনের রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। বিশ্বজুড়ে সেই দিনটিই রক্তদান দিবস হিসেবে পালিত হয়। ঠিক তার চব্বিশ দিন আগে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। আয়োজক কারা ছিলেন? সারাজীবন ধরে যাদের জীবনের একটা বিরাট অংশ জাহাজে কেটেছে, যারা প্রতিভা জ্ঞান  প্রয়োগ করেন নৌবিদ্যায় আর বন্দর থেকে বন্দরে কর্মসূত্রে যাদের ছুটে যেতে হয়, তাঁরা কর্মজীবন থেকে অবসর নিয়ে বা কর্মজীবনের শেষ প্রান্তে এসে আয়োজন করলেন রক্তদান শিবিরের। তাঁরা একঝাঁক মেরিন ইঞ্জিনিয়ার। তাঁদের সংস্থা ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্সের এই উদ্যোগ অভাবনীয়।

আরও পড়ুন   এই ৫ খাবারে সুস্থ থাকবে অন্ত্রের স্বাস্থ্য, চিরতরে বিদায় নেবে বদ হজমের সমস্যা

তাঁদের উদ্যোগে রীতিমত মুগ্ধ অনুষ্ঠানে উপস্থিত বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত।যদিও বয়সজনিত কারণে মেরিন ইঞ্জিনিয়ার্সদের মধ্যে মুষ্টিমেয় মানুষ রক্তদান করলেন। বাকি যারা রক্তদান করলেন তাঁরা সংবাদ জগতের মানুষ এবং কলেজ পড়ুয়া। তাঁরা জানেন তাঁদের রক্তে বাঁচবে একটি প্রাণ। সবমিলিয়ে তিরিশ জনের বেশি মানুষ রক্ত দিলেন, যা তিরিশটি প্রাণ বাঁচানোর রসদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল তারকারা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম-মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, ক্রম্পটন দত্ত, মিহির বসু। অতীতের দিকপাল ফুটবল তারকা ক্রম্পটন দত্ত নিজের ভাষায় তার ময়দানি জীবনের অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা করলেন রক্তের মূল্য। প্রয়োজনে যা একটি জীবনের পক্ষে অসামান্য গুরুত্ব বয়ে আনে।

যারা এই কর্মকাণ্ডের নেপথ্যে ছিলেন এবং রক্ত সুচারু ভাবে গ্রহণ করে তা সংরক্ষণের ব্যবস্থা করেছেন, সেই বারাসাত মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মত। আর ছিলেন বারাসাত মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট সুব্রত মণ্ডল, যিনি রক্তদান শিবিরে স্বয়ং উপস্থিত থেকে পুরো কর্মকাণ্ড তো দেখলেনই, দিয়ে গেলেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, যা ছিল বাড়তি পাওনা। আলোচনা সভার রূপ পায় এদিনের রক্তদানের উৎসব। তথাপি রক্তদানের মত মহত কর্মকাণ্ডকে নিষ্ঠাভরে সফল করলেন মেরিন ইঞ্জিনিয়ার্সের  যে প্রবীণ মানুষরা, তাঁদের কুর্নিশ জানায় সময় কলকাতা সংবাদ সংস্থা। এই অনুষ্ঠানে শরিক থাকতে পেরে খুশি সময় কলকাতা পরিবার।

About Post Author