সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ একাধিক দাবিদাওয়া ও প্রতিবাদ নিয়ে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধ-এর ডাক দিয়েছেন আদিবাসীরা। রাজ্যজুড়ে সরকারি কার্যালয় ‘পেন ডাউন’ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সপ্তাহের প্রথম দিনেই কর্মক্ষেত্রে অচলাবস্থা রুখতে, ধর্মঘটীদের নিয়ে এবার কড়া অবস্থান নিল নবান্ন। সূত্রের খবর, ধর্মঘটে অংশ নিলে রাজ্য সরকারি কর্মীদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সরকারের তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে, পূর্ব অনুমতি ছাড়া ঐদিন ছুটি নিলে বা কয়েকটি ক্ষেত্র ছাড়া সোমবার যদি সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে না, আসেন তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র হাসপাতালে ভর্তি হলে, মাতৃত্বকালীন ছুটিতে থাকলে এবং আত্মীয় পরিজনদের মধ্যে কেউ মারা গেলে তাঁরা এর আওতা থেকে বাদ যাবেন।

নবান্নের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের ফলে বিভিন্ন সরকারি অফিসে পরিষেবা ব্যাহত হয়, স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়। তাই সোমবারের ধর্মঘটে অংশ নিলে কর্মীদের কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছে সরকার। সেদিন যদি বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোনও রাজ্য সরকারি কর্মচারীকে অফিসে অনুপস্থিত দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেদিন প্রথম কিংবা দ্বিতীয় অর্ধ, কিংবা সমস্ত দিন কোনও ‘ক্যাজুয়াল লিভ’-এর আবেদন মঞ্জুর করা হবে না। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্র যেমন, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হলে, পরিবারের কারও মৃত্যু হলে, ১৯মে কিংবা আরও আগে থেকে গুরুতর অসুস্থতা জনিত কারণে কেউ ছুটিতে থাকলে তাঁদের সেদিন কর্মক্ষেত্রে অনুপস্থিতির ক্ষেত্রে ছাড় রয়েছে।
আরও পড়ুন লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের বিখ্যাত গায়ক নোবেল

এছাড়া চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল লিভ, মাতৃত্বকালীন ছুটিতে থাকলে এবং যাঁদের ছুটির আবেদন ১৯ মের আগেই মঞ্জুর করা হয়েছে, তাঁরাও এর আওতা থেকে বাদ যাবেন। জানা গিয়েছে,ওইদিন যাঁরা অনুপস্থিত থাকবেন, তাঁদের প্রত্যেকের কাছে শোকজ নোটিশ পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের সন্তোষজনক উত্তর পেলে, এবং উল্লিখিত ছাড়ের ক্ষেত্রে অনুপস্থিতির স্বপক্ষে প্রমাণ দিতে পারলে ওই দিনটি প্রাপ্য ছুটি হিসেবে মঞ্জুর করা হতে পারে বলে জানানো হয়েছে। অন্যথায় হেড অফিসের তরফে ওই দিনে অনুপস্থিতি ছুটি হিসেবে মঞ্জুর করা হবে না এবং সেদিনের বেতন কাটা যাবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে মমতা সরকার। যাঁরা শোকজ নোটিসের জবাব দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ ৩ সপ্তাহের মধ্যে গ্রহণ করে সে বিষয়ে রিপোর্ট সরকারি দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!