সময় কলকাতা ডেস্ক, ২২ মে: “অন্যায়কে প্রশ্রয় দেয় না তৃণমূল কংগ্রেস। আমরা পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরিয়েছি,এমনকী দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে,” এবার এমনটাই জানিয়ে ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আদালতে হাজিরার সময় সবাইকে চমকে দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে পার্থ’কে তোলা মানেই কোনও না কোনও বিষয়ে তিনি প্রতিক্রিয়া দেবেনই। অন্যথা হল না সোমবারও। তবে, কখনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিতর্কিত কোনও মন্তব্য করেননি। বরং আস্থাই রেখেছেন তাদের উপর এতদিন। তবে, সোমবার সবাইকে চমকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকে জেরা করেছে, এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে হঠাৎই তিনি বলেন,‘আমি ৩০০ দিনের বেশি জেলে রয়েছি। আমি কেমন আছি? আমার কথা জিজ্ঞাসা করুন। আমি ৩০০ দিনের ওপর বিনা বিচারে জেলে রয়েছি।’

এর আগে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করবে তৃণমূল,এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘নব জোয়ার’-নিয়েও তার গলায় প্রশংসা শোনা গিয়েছে। গত শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বেরিয়ে নিজের বক্তব্যে পার্থ চট্টোপাধ্যায়ের কথাও তুলে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ”আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।” এবার সেই প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন বজবজ বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিল সিআইডি

এদিকে,কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলারই শুনানি ছিল। কিন্তু তারপরও রক্ষাকবচ পেলেন না অভিষেক। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে মামলাটি। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলেই সূত্রের খবর। অভিষেকের আইনজীবী মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক। তাঁকে কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার ডেকে পাঠাচ্ছে। এমনকী যখন তিনি কলকাতার বাইরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত তখন নোটিস পাঠানো হচ্ছে।”

আরও পড়ুন দণ্ডি কাণ্ডের জের, বনধ সফল করতে তৎপর আদিবাসী সেঙ্গেল অভিযান
তবে সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। যদিও অভিষেকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “আদালতের নিয়ম মেনে আবেদন করুন। শোনা হবে।” এদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদের কথা বলেন। পাশাপাশি আদালতের সময় নষ্টের কথা উল্লেখ করে ২৫ লক্ষ টাকা জরিমানাও করেন। সুপ্রিম কোর্টের মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানার কথা উল্লেখ নেই। সেটি সংযুক্ত করার কথা বলেই নিয়মাফিক আবেদনের কথা বলা হয় এদিন। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর