Home » নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী: মোদি

নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী: মোদি

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে:  রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। নতুন লোকসভায় জাতীয় সঙ্গীত গেয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সময়ের চাহিদা ছিল এই নতুন সংসদ ভবন। এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী। নীতিকে নির্মাণ, ইচ্ছাশক্তিকে কর্মশক্তিতে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। নতুন সংসদ ভবন শুধু বিল্ডিং নয়, ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। রবিবার সাভারকর জয়ন্তী উপলক্ষে নয়া সংসদ ভবনে সাভারকরের ছবিতে ফল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হাজার বিতর্কের মাঝেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। এদিকে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। তবে তারই মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে, ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে, নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ চত্বরে প্রধানমন্ত্রী পৌছতেই শুরু হয় যজ্ঞ ও পুজো। বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পুজো শেষে ‘সেঙ্গোল’কে প্রণাম করেন নরেন্দ্র মোদি। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই ‘সেঙ্গোল’ প্রতিষ্ঠিত করেন তিনি। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড।

এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বহু কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য উপস্থিত থাকবেন। এদিন উদ্বোধনী পুজো চলাকালীন নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যারা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাদের চাদর পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন নতুন সংসদ ভবন উদ্বোদনের আগে সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী মোদি।

প্রসঙ্গত, শুক্রবার নয়া সংসদ ভবনের অন্দরসজ্জার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী। নয়া এই সংসদ ভবনের লোকসভা তৈরি হয়েছে ময়ূরপঙ্খী থিমে।লোকসভার ছাদের নকশা করা হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে। এদিকে, জাতীয় ফুল পদ্মের আদলে তৈরি হয়েছে রাজ্যসভার ছাদের নকশা। রাজ্যসভার থিম রং লাল রাখা হয়েছে। দুই কক্ষের সাংসদদের জন্য নতুন ভবনে রয়েছে লাউঞ্জ, লাইব্রেরি, একাধিক কমিটি রুম, খাবার ও পার্কিংয়ের জায়গা।

আরও পড়ুন  দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্থাপিত হল ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’

নতুন সংসদ ভবনের ফার্স্ট লুক শেয়ারের পাশাপাশি দেশবাসীকে একটি টাস্ক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনগণকে এই ভিডিয়োটি শেয়ার করতে বলেন তিনি। পাশাপাশি ভিডিয়োর সঙ্গে ভয়েস ওভার যোগ করার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। যাঁর ভয়েস ওভার সবচেয়ে ভালো হবে, তাঁর কণ্ঠস্বর নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন বলেও উল্লেখ করেন তিনি। এই ইস্যুতেই এদিন দেশবাসীর উৎসাহের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

About Post Author