Home » আজই বানিয়ে ফেলুন বিখ্যাত গোলবাড়ির স্টাইলের মটন কষা

আজই বানিয়ে ফেলুন বিখ্যাত গোলবাড়ির স্টাইলের মটন কষা

সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : কলকাতার বিখ্যাত ল্যান্ডমার্ক শ্যামবাজারের গোলবাড়ি। আর গোলবাড়ির মানে সেই বিখ্যাত মটন কষা। গোটা কলকাতা এবং এখন বর্তমানে ভারতবর্ষে বিখ্যাত এই গোলবাড়ির স্টাইলের মটন কষা। কলকাতার বাইরের মানুষও এসে এখানে একবার হলেও খেয়ে গিয়েছেন গোলবাড়ির এই কষা মাংস। কয়েক বছর থেকে এই কষা মাংসে মাতিয়ে রেখেছেন সবাইকে। কিন্তু,কখনও কি এই মাংস বাড়িতে রান্না করে খাওয়ার কথা ভেবেছেন? হ্যাঁ এবার বাড়িতেই আপনি রান্না করতে পারেন সেই একই স্বাদের গোলবাড়ির মটন কষা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

উপকরণ :
খাসির মাংস ১ কেজি, রসুন বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, লঙ্কা বাটা ২ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই ৩ টেবিল চামচ, নুন স্বাদমতো, চিনি পরিমাণ মত, ২৫০ গ্রাম সর্ষের তেল, গোটা গরম মশলা ১০ গ্রাম, জায় ফল, বড় এলাচ, স্টার অ্যানিস, তেজপাতা, সাজিরে ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, চা পাতা।

আরও পড়ুন    বাড়িতে অতিথি এলে চটপট বানিয়ে ফেলুন লেমন চিকেন


প্রণালী :
প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিয়ে সেটি কাঁচালঙ্কা বাটা, পেঁপে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল ও নুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, পেঁপে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ৪ থেকে ৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, বড় এলাচ, স্টার অ্যানিস, তেজপাতা, শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইয়ে হালকা আঁচে নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিন। এবার একটি কড়ায় তেল দিয়ে দিন। এবার সেই তেল গরম হয়ে গেলেই তার মধ্যে অল্প চিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর গরম মশলা দিয়ে আরও একটু কষিয়ে নিন। অন্য একটি পাত্রে ফুটিয়ে রাখা চা পাতার লিকার এই মাংসের মধ্যে দিয়ে দিন। মাংস যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ হালকা আঁচে এটিকে রান্না করতে থাকুন। এরপর রান্নাটি হতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা। এরপর নামিয়ে পরিবেশন করুন। যদি আপনি লোহার কড়াইয়ে রান্না করেন তাহলে আরও ভালো রং আসবে। হয়ে গেলে নামিয়ে নিন। রুটি হোক কিংবা ভাত যেকোন কিছুর সঙ্গে পরিবেশন করুন।

About Post Author