Home » মনোনয়ন ঘিরে অশান্তি রুখতে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের, জারি ১৪৪ ধারা

মনোনয়ন ঘিরে অশান্তি রুখতে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের, জারি ১৪৪ ধারা

সময় কলকাতা ডেস্ক,১২ জুনঃ বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শুক্রবার থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন প্রার্থীরা। আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও গোষ্ঠীকোন্দল আবার কোথাও শাসক বিরোধী লড়াই, প্রতিনিয়ত অশান্তির খবর মিলেছে। এবার সেই অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা করতে চলেছে কমিশন।

সূত্রের খবর, সোমবার থেকেই নির্বাচন কমিশন নতুন নিয়ম বলবৎ করতে চলেছে। এই মর্মে রবিবার রাতেই রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হবে বলেও কমিশন সূত্রের খবর। উল্লেখ্য, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেন রাজীব সিনহা। জানান, আগামী ৮ জুলাই হবে এবারের পঞ্চায়েত ভোট। সেই মোতাবেক শুক্রবার থেকেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।

আরও পড়ুন    পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জেলায় জেলায় অশান্তি, সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের

১৫ তারিখ পর্যন্ত মনোয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। আচমকা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ও মনোয়ন জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি তোলেন বিরোধীরা। এমনকী নির্বাচন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি বলেও অভিযোগ ওঠে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি-কংগ্রেস জোড়া মামলা করেছে কলকাতা হাইকোর্টে। এদিকে, নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনার খবর আসছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। এমনকী মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনাও সামনে এসেছে। এবার অশান্তি রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন।

About Post Author